সন্ত্রাসী হামলায় আহত ইউপি সদস্যের মৃত্যু

খুলনায় সন্ত্রাসী হামলায় আহত ইউপি সদস্য ও চরমপন্থি দলের সদস্য ফারুক মোল্লার মৃত্যু হয়েছে। গত বুধবার রাত ১১টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে ওইদিন দুপুর সাড়ে ১২টার দিকে ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা মধ্যপাড়া এলাকায় তাকে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। নিহত ফারুক মোল্লা উপজেলার পয়গ্রাম এলাকার হাসেম মোল্লার ছেলে।

পুলিশ জানায়, গত বুধবার দুপুরে বেজেরডাঙ্গা রেলস্টেশন রোড এলাকায় ইউপি সদস্য ফারুক মোল্লার দুই পায়ে ও মাথায় কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে তাকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তার আরও অবনতি ঘটে। ফুলতলা থানার ওসি জিল্লাল হোসেন জানান, গতকাল পর্যন্ত ফারুক মোল্লা হত্যাকা-ের ঘটনায় কোনো মামলা হয়নি। তবে মামলার প্রক্রিয়া চলছে।