বাড়ির উঠান থেকে শিশুকে নিয়ে গেল শিয়াল

কিশোরগঞ্জে শিয়ালের কামড়ে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গত বুধবার সন্ধ্যায় সদর উপজেলার বৌলাই ইউনিয়নের তেরহাসিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, স্থানীয় মুদি দোকানি লিংকন মিয়া গত বুধবার পরিবারের সঙ্গে ইফতার করেন। পরে তিনি দোকানে যান। সন্ধ্যার পর তার দেড় বছরের ছেলে আরাফ একা ঘর থেকে বাড়ির উঠানে আসে। এ সময় শিয়াল তাকে কামড়ে নিয়ে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে প্রতিবেশীরা পাশের জঙ্গলে শিশুটিকে পড়ে থাকতে দেখেন। পাশেই ছিল একটি শিয়াল। তাদের দেখে শিয়ালটি পালিয়ে গেলে শিশুটিকে উদ্ধার করা হয়। শিশুটির গলায় শিয়ালের কামড়ের দাগ দেখা গেছে বলে জানিয়েছেন লিংকন মিয়া।

শিশুটির দাদা লালু মিয়া বলেন, ‘এক প্রতিবেশী পাশের জঙ্গলে আমার নাতিকে পড়ে থাকতে দেখেন। আমরা সবাই গিয়ে দেখি আরাফের গলায় কামড়ের দাগ। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে আরাফকে মৃত ঘোষণা করা হয়।’