নিউজিল্যান্ডের দেওয়া ২০৫ রানের কঠিন লক্ষ্যও যেন মামুলি মনে হলো পাকিস্তানের ব্যাটসম্যানদের কাছে। হাসান নাওয়াজের বিধ্বংসী সেঞ্চুরি ও বোলারদের সম্মিলিত পারফরম্যান্সে এডেন পার্কে তৃতীয় টি-টোয়েন্টিতে স্বাগতিকদের ৯ উইকেটে হারিয়ে সিরিজে ফেরার আশা জাগিয়ে তুলেছে সফরকারীরা। টি-টোয়েন্টিতে দুশো রান তাড়া করার ইতিহাসেও এটি দ্রুততম ইনিংসের রেকর্ড।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত সূচনা পায় পাকিস্তান। ওপেনিং জুটিতেই মোহাম্মদ হারিস ও হাসান নাওয়াজ মিলে ৭৪ রান যোগ করেন মাত্র ৬.৫ ওভারে। হারিস ২০ বলে ৪১ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হলেও ততক্ষণে পাকিস্তান ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে।
এরপর ক্রিজে আসেন অধিনায়ক সালমান আলি আগা। তার সঙ্গে ১৩৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে সহজ জয় এনে দেন হাসান নাওয়াজ। মাত্র ৪৫ বলে ১০৫ রানের অনবদ্য ইনিংস খেলেন তরুণ এই ওপেনার, যেখানে ছিল ১২টি চার ও ৪টি ছক্কার ঝড়। ২৪ বল হাতে রেখেই পাকিস্তান পৌঁছে যায় জয়ের বন্দরে, হারায় মাত্র একটি উইকেট! আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম দুই ইনিংসে শূন্য রানে ফেরা নাওয়াজই এখন টি-টোয়েন্টিতে পাকিস্তানের দ্রুততম সেঞ্চুরিয়ান।
টস জিতে ব্যাটিংয়ে নামা নিউজিল্যান্ড শুরুতেই ধাক্কা খায়। প্রথম ওভারেই ফিন অ্যালেনকে ফিরিয়ে দেন শাহীন শাহ আফ্রিদি, যেখানে অবদান ছিল হারিস রউফের একহাতের দুর্দান্ত ক্যাচেরও। এরপর টিম সাইফার্ট (৯ বলে ১৯) কিছুটা ঝড় তোলার চেষ্টা করলেও রউফের বলে আউট হয়ে ফিরে যান।
কিউইদের ইনিংসের হাল ধরেন মার্ক চ্যাপম্যান। ৪৪ বলে ৯৪ রানের বিধ্বংসী ইনিংসে ১১টি চার ও ৪টি ছক্কার ঝড় তোলেন তিনি। তার সঙ্গে মিচেল (১৭) ও জেমস নিশাম (৩) ছোট ছোট অবদান রাখলেও পাকিস্তানি বোলারদের সামনে খুব একটা সুবিধা করতে পারেননি বাকিরা।
শাহীন আফ্রিদির বলে চ্যাপম্যান আউট হওয়ার পর ১২.৫ ওভারে নিউজিল্যান্ডের স্কোর দাঁড়ায় ১৪১/৫। এরপর দ্রুতই ম্যাচে ফিরে আসে পাকিস্তান। আব্রার আহমেদ এক ওভারেই পরপর দুই বলে মিচেল হেই (৯) ও কাইল জেমিসনকে (০) ফেরালে ১৫ ওভার শেষে কিউইদের স্কোর দাঁড়ায় ১৬৪/৭।
শেষ দিকে অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল ১৮ বলে ৩১ রানের লড়াকু ইনিংস খেললেও রউফের দুর্দান্ত বোলিংয়ে (৪ ওভারে ৩ উইকেট) ২০ ওভারে ২০৪ রানের বেশি যেতে পারেনি নিউজিল্যান্ড। শাহীন আফ্রিদি, আব্রার আহমেদ ও আব্বাস আফ্রিদি ২টি করে উইকেট নেন, শাদাব খানও নেন ১ উইকেট।
প্রথম দুই ম্যাচ হেরে ব্যাকফুটে থাকা পাকিস্তানের জন্য ছিল বাঁচা-মরার লড়াই। তবে হাসান নাওয়াজের দুর্দান্ত সেঞ্চুরি ও বোলারদের সম্মিলিত পারফরম্যান্সে সিরিজে ফিরেছে সফরকারীরা। পাঁচ ম্যাচের সিরিজে এখন ২-১ ব্যবধানে এগিয়ে আছে নিউজিল্যান্ড, কিন্তু এই জয়ে পাকিস্তান ঘুরে দাঁড়ানোর শক্তি পেল, যা পরবর্তী ম্যাচগুলোকে করে তুলল আরও উত্তেজনাপূর্ণ।