লালমনিরহাট

বইয়ের ভেতরে গাঁজা বহন, যুবক গ্রেপ্তার

লালমনিরহাটের কালীগঞ্জে বইয়ের বান্ডিলের মধ্যে লুকিয়ে গাঁজা বহনের সময় এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার কাকিনা রুদ্রেশ্বর এলাকায় অভিযান চালিয়ে মামুন হোসেন (২৪) নামে ওই যুবককে আটক করা হয় বলে জানান কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক।

আটক মামুন লালমনিরহাট সদর উপজেলার মুক্তিযোদ্ধা চত্তর এলাকার বাসিন্দা নবি হোসেনের ছেলে।

ওসি সেলিম বলেন, বইয়ের বান্ডিলের ভেতরে বিশেষভাবে প্যাকেট করা অবস্থায় গাঁজা বহনের সময় মামুনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিলেন।

মামুনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালীগঞ্জ থানায় একটি মামলা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।