বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির বলেছেন, রাজনীতি কোনও ব্যবসা নয়। রাজনীতি কোনও ব্যবসার হাতিয়ার নয়। যদি দেখেন আমাদের দলের কেউ আমাদের রাজনীতিকে ব্যবসায় পরিণত করছে সেই ব্যবসা আমরা বন্ধ করে দেব।
আজ শুক্রবার সন্ধ্যায় পঞ্চগড় পৌর বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি।
এ সময় তিনি বলেন, বাংলাদেশে রাজনৈতিক দুর্নীতি ছিল। নেতাকর্মীরা যখন রাষ্ট্রের স্বার্থের থেকে ব্যক্তিগত স্বার্থকে গুরুত্ব দিচ্ছেন তাকেই রাজনৈতিক দুর্নীতি বলা হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবন আমরা দেখেছি। তিনি আমাদের আদর্শ। আমরা দেখেছি কতটা সৎ জীবন-যাপন করে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। আমরা তার প্রতিষ্ঠিত একটি রাজনৈতিক দলের সদস্য। তার সততার ব্যাপারে কেউ প্রশ্ন তুলতে পারেনি।
গত ১৬ বছরে আইন শৃঙ্খলা বলতে কিছু নাই উল্লেখ করে তিনি বলেন, দেশে একটা অরাজকতা চলছে। আমাদের নেতা তারেক জিয়া যেভাবে বার বার আপনাদের অনুরোধ করেছেন আমাদের সামনের নির্বাচন কঠোর একটি নির্বাচন হবে। সেই নির্বাচনে যদি আমরা সফলতা চাই তাহলে শহীদ জিয়ার আদর্শকে ধারন করতে হবে। আমাদের আচরণ ঠিক করতে হবে।
ব্যারিস্টার নওশাদ জমির বলেন, এখনও সময় আছে যারা ভুল পথে পা দিয়েছেন তাদের জন্য ফিরে আসার সময় আছে। যদি দেখেন আমাদের দলের কেউ আমাদের রাজনীতিকে ব্যবসায় পরিণত করেছেন সেই ব্যবসা আমরা বন্ধ করে দেব। আপনাদের অধিকার দিয়ে গেলাম কেউ যদি চান্দাবাজি করে, কারও কাছ থেকে স্বার্থ উদ্ধারের চেষ্টা করে তাকে আপনারা প্রতিহত করুন।
পৌর বিএনপির সদস্য শহীদ বাবু ও রুবেল পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য রিনা পারভিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ, মির্জা নাজমুল ইসলাম কাজল, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির ১ নম্বর সদস্য শামজুজ্জামান বিপ্লব, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিক প্রমুখ।