'সনাতনীরা কোনও ভয়-ভীতির মধ্যে থাকবেন না। আমি আপনাদের নিশ্চিত করে যাচ্ছি এই বাংলাদেশে কারও কোনো ভয়ের কারণ নেই। বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ। আমাদের কোরআনে পরিষ্কারভাবেই আছে প্রত্যেক নাগরিক তার নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবে। শুধু তাই না আমাদের সংবিধানে এটাও উল্লেখ আছে এক ধর্মের বই অন্যধর্মের মানুষকে জোর করে পড়ানো যাবে না।'
আজ শনিবার পঞ্চগড়ে সনাতন ধর্মালম্বীদের ২৪তম পদযাত্রা এবং ধর্মসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির।
এর আগে একটি বিশাল পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রাটি বামাকালী মন্দির থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে চানপাড়া দুর্গা মন্দিরে গিয়ে শেষ হয়। ধর্মসভায় সভাপতিত্ব করেন জগদল ডিগ্রি কলেজের প্রভাষক সুবাস চন্দ্র রায়। এ সময় দামোদর পদযাত্রার আয়োজক কমিটির উপদেষ্টা কল্যাণ কুমার ঘোষ বলেন, সামনে ভোট। আমরা ভয়ে আছি। আমরা ভোট দিতে যেতে পারব কিনা। আমরা হাজার হাজার মানুষ আজ নওশাদ জমিরকে একপলক দেখার জন্য এসেছি। আমরা তার কাছে নিশ্চয়তা চাই।
এমন বক্তব্যের প্রেক্ষিতে নওশাদ জমির বলেন, বাংলাদেশ সম্প্রীতির দেশ। এই দেশে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে একসময় বৌদ্ধরা বসবাস করেছে। পরে মুসলিমরা বসবাস করেছে। এখনও বাংরাদেশের তিনটি স্থানে একই সঙ্গে মন্দির-মসজিদ আছে। বাংলাদেশের অন্যতম প্রচার মাধ্যম বিটিভিতে প্রচার কার্যক্রম শুরুর মুহূর্তে বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠ করা হয়। বিশ্বের কোনও দেশে এটা হয় না।
এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ, সদস্য শফিউজ্জামান পাটোয়ারী রুবেল, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাাদক মাহফুজার রহমান বাবু, পৌর বিএনপির সদস্য শামসুজ্জামান বিপ্লব, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিকসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
