সোনিয়া সুলতানা
পরিচালক (মহানগর), পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম
সাগরের লবণাক্ত পানি জোয়ারের সময় উজানের দিকে চলে আসে। এতে হালদা ও কর্ণফুলী নদীতে লবণাক্ততার পরিমাণ বাড়ছে। এখন প্রশ্ন হলো হালদা ও কর্ণফুলীতে কেন প্রবেশ করছে? তাহলে নিশ্চয় উজান থেকে পানি আসার প্রবাহ কমে গেছে। আর এই কমে যাওয়ার কারণে সাগরের জোয়ারের পানি অনেক দূর পর্যন্ত চলে যাচ্ছে। উজানের পানির প্রবাহ কমে যাওয়ার কারণ কি? একসময় যেসব ছরা ও খাল এসে নদীতে যুক্ত হতো সেসব ছরা-খালগুলোতে এখন পানির প্রবাহ নেই। সেসব ছরা ও খালগুলো অনেক ক্ষেত্রে ভরাট হয়ে গেছে। কোথাও কোথাও সøুইস গেট-এর অকার্যকরিতা আবার কোথাও
কৃষির সম্পসারণ করতে গিয়ে ছড়াগুলো বন্ধ করা হয়ে গেছে। আর এর প্রভাব গিয়ে পড়ছে নদীগুলোতে স্বাদু পানির প্রবাহ কমে যাওয়া। এই কমে যাওয়ার কারণে লবণাক্ত পানি উজানে বেশি চলে আসায় ক্ষতিগ্রস্ত হচ্ছে হালদা ও কর্ণফুলীতে গড়ে তোলা চট্টগ্রাম ওয়াসার পানি সরবরাহ প্রকল্পগুলো।
আমরা পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে নদী ও খাল পাড়ে যেসব শিল্প কারখানা গড়ে উঠছে সেগুলো থেকে যাতে কোনো ধরনের বর্জ্য নদীতে গিয়ে মিশতে না পারে সেই ব্যবস্থা নিচ্ছি। কিন্তু নদীতে লবণাক্ততা বেড়ে গেলে তা নিয়ন্ত্রণের ক্ষমতা তো আমাদের নেই। তবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, পানি উন্নয়ন বোর্ডসহ বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে কাজ করলে লবণাক্ততার প্রভাব কিছুটা কমিয়ে আনা সম্ভব।