এক দিকে পয়েন্ট টেবিলের এক ও দুই নম্বর আবাহনী-গাজীর লড়াই, অন্যদিকে সেই সুযোগে নিজেদের এগিয়ে রাখার সুযোগ মোহামেডানের। তাদের আটকে দিয়ে সুপার সিক্সের পথ সুগম করার চ্যালেঞ্জ ধানমণ্ডির। দুর্বল শাইনপুকুরের সামনে পরাক্রমশালী প্রাইম ব্যাংক। শুক্রবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের এমন উত্তেজনাই ছড়াল তিনটি ম্যাচ। আর দিনশেষে সেখানে জয়ের দেখা পেয়েছে আবাহনী, মোহামেডান ও প্রাইম ব্যাংক। লিগে দ্বিতীয় সেঞ্চুরির দিন নাইম শেখ তার দলকে জেতালেও পারলেন না নুরুল হাসান সোহান। ওদিকে সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হকের পার্টটাইম ঘূর্ণির শিকার স্বরূপ ৪ উইকেট প্রাপ্তিও হয়ে থাকল সপ্তম রাউন্ডের প্রথম দিনের অন্যতম কীর্তি।
মিরপুরে অধিনায়ক নুরুল হাসান সোহানের সেঞ্চুরির পরেও মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে ২৩ রানে হেরেছে ধানম-ি স্পোর্টস ক্লাব। তাতে বৃথা যায় নুরুল হক সোহানের ১০ চার, ৪ ছক্কায় খেলা ৯৩ বলে ১০০ রানের ইনিংসটি।
আবাহনীর বিপক্ষে বিকেএসপির চার নম্বর মাঠে ১৯৯ রানেই থেমে যায় গাজী। এ লক্ষ্য তাড়া করতে গিয়ে নিয়মিত উইকেট খোয়ানোর পর ২ উইকেটের কষ্টকর জয় পায় আবাহনী লিমিটেড। অন্য ম্যাচে শাইনপুকুর বোর্ডে তোলে মাত্র ১৫৯ রান। লিগে দ্বিতীয় সেঞ্চুরির দেখা পান নাইম শেখ। ৯ উইকেটে দলকে জেতানোর পর অপরাজিত ছিলেন ৬৪ বলে ১০৪ রানে। ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আবাহনী।