আইপিএলে সাকিব!

একটা সময় ভারতীয় ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতা আইপিএলে বাংলাদেশের হয়ে একমাত্র প্রতিনিধিই ছিলেন সাকিব আল হাসান। সময়ের পালাক্রমে সাকিবের সেই ধার আর নেই। এবারের মেগা নিলামের সময় বোলিং অ্যাকশন অবৈধ থাকায় তাকে দলে নেওয়ার কোনো প্রয়োজনীয়তা বোধ করেনি ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে অ্যাকশন শুধরে যাওয়ায় এখন আর বোলিং করতে বাধা নেই দেশের এ তারকা ক্রিকেটারের। এই পরিস্থিতিতে ভারতীয় গণমাধ্যম ‘সংবাদ প্রতিদিন’ দাবি করেছে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, রাজস্থান রয়্যালস এবং সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে নাকি আলোচনা করেছেন সাকিব। কারণ এবারের আসরে এদের স্পিন বিভাগ অন্যদের তুলনা দুর্বল। এই তিন ফ্র্যাঞ্চাইজির যেকোনো একটির হয়ে আইপিএলে দেখা যেতে পারে সাকিবকে।

গণমাধ্যমটি আরও জানিয়েছে, সাকিব এই তিনটি ফ্র্যাঞ্চাইজিকে জানিয়ে দিয়েছেন তার খেলার ব্যাপারে কোনো বাধা নেই। এখন এদের কোনো ক্রিকেটার আসর থেকে ছিটকে গেলে তবেই শুধু আইপিএলে দল পাওয়ার সুযোগ থাকবে সাকিবের সামনে। গত বছরের সেপ্টেম্বরে সারের হয়ে কাউন্টি খেলতে গিয়ে সাকিবের বোলিংয়ে ত্রুটি ধরা পড়ে। এরপর ডিসেম্বরে তার বোলিং নিষিদ্ধ করা হয়। গত ১৯ মার্চ নিষেধাজ্ঞা থেকে মুক্ত হন তিনি। তার আগে গত ২৭ ফেব্রুয়ারি ইংল্যান্ডে গিয়ে দুই সপ্তাহ ধরে সারেতে মোহাম্মদ সিরাজ উল্লাহ খাদেম এবং কোচ গ্যারেথ বেটির সঙ্গে বোলিং অ্যাকশন নিয়ে কাজ করেন। বেটি বলেন, ‘যখন সে আমাদের হয়ে খেলছিল, তখন তার অ্যাকশনের ত্রুটি ধরা পড়ে। তাকে সাহায্য করার ব্যাপারে আমার মনে কোনো সংশয় ছিল না, তাই আমি তাকে সাহায্য করেছি।’ তবে এবারও সাকিব সারের হয়ে কাউন্টি খেলবেন কি না সেটি পরিষ্কার করেননি ক্লাবটির কোচ।