কক্সবাজারের টেকনাফের নাফ নদীর শাহপরীর দ্বীপ এলাকা দিয়ে মিয়ানমার থেকে নতুন করে অনুপ্রবেশের চেষ্টাকালে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে এ পর্যন্ত ২৫ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করেছে বিজিবি। এ ঘটনায় বিজিবির এক সদস্যসহ অনেকেই নিখোঁজ রয়েছে। গত শুক্রবার মধ্যরাতে শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া ঘাটের কাছে ট্রলারটির তলা ফেটে এ ঘটনা ঘটে।
বিজিবির টেকনাফের ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিখোঁজ বিজিবির সদস্য সিপাহী মোহাম্মদ বেলাল (২৮)। তিনি সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সীমান্ত ফাঁড়ি (চৌকির) অধীনে কর্মরত সিপাহী হিসেবে ছিলেন। তার সঙ্গে থাকা একটি রাইফেল ও চারটি ম্যাগাজিনও খোঁজ মেলেনি এখনো।
তিনি জানিয়েছেন, শুক্রবার মধ্যরাতে টেকনাফের শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া ঘাটের কাছে রোহিঙ্গাবোঝাই একটি ট্রলার অবৈধ উপায়ে সাগরপথে বাংলাদেশে অনুপ্রবেশের সময় তলা ফেটে যায়। খবর পেয়ে সৈকতের পাশর্^বর্তী স্থানে কর্তব্যরত বিজিবি সদস্যরা স্থানীয় জেলেদের নিয়ে তাদের উদ্ধারের জন্য এগিয়ে গেলে ২৫ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকার্য চলাকালে একজন বিজিবি সদস্য সমুদ্রে নিখোঁজ হন।
শাহপরীর দ্বীপের ইউপি সদস্য আবদুল মান্নান বলেন, মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা বহনকারী একটি ট্রলারডুবির ঘটনা শুনেছি। এ ঘটনায় বিজিবির এক সদস্যসহ বেশ কয়েকজন রোহিঙ্গা নিখোঁজ থাকার খবর পেয়েছি।