বাসে আগুনের চেষ্টা ছাত্রলীগকর্মী গ্রেপ্তার

আপডেট : ২১ জুলাই ২০২৫, ০২:৪৯ এএম

রাজধানীর শ্যামপুরে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগ করার চেষ্টাকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে ডিএমপির শ্যামপুর মডেল থানা-পুলিশ। তার নাম সিয়াম সরকার (২২)। গতকাল রবিবার ভোর ৪টার দিকে শ্যামপুর মডেল থানাধীন ঢাকা-মাওয়া মহাসড়কে খন্দকার রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপি মিডিয়া বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, রাতে গোপন সংবাদের মাধ্যমের জানা যায়, শ্যামপুর মডেল থানাধীন ঢাকা-মাওয়া মহাসড়কে খন্দকার রোডের মাথায় যুবলীগ নেতা শাকিল বিন সামস ওরফে রাব্বির নির্দেশে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুজন কর্মী দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগ করার চেষ্টা করছে।

এমন তথ্যের ভিত্তিতে শ্যামপুর মডেল থানার একটি টিম দ্রুত সেখানে পৌঁছায়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যাওয়ার সময় সিয়াম সরকারকে গ্রেপ্তার করা হয়। এ সময় রাফসান নামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মী পালিয়ে যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার সিয়াম সরকার জানায়, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একজন কর্মী। তিনি পলাতক রাফসানকে সঙ্গে নিয়ে শ্যামপুর এলাকায় নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে বাসে অগ্নিসংযোগ করার চেষ্টার কথা স্বীকার করেছেন। গ্রেপ্তার সিয়ামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। পলাতক রাফসানকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

গুলিস্তান ও আজিমপুরে বাস পোড়ানোর তথ্য গুজব : রাজধানীর গুলিস্তান ও আজিমপুরে বাস পোড়ানোর তথ্য গুজব। এতে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল রবিবার ডিএমপির ফেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত