নারাইনকে কেন হিট আউট দেননি আম্পায়ার?

আইপিএলের উদ্বোধনী ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৭ উইকেটের বড় জয় তুলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্সে বেঙ্গালুরু। এই ম্যাচের এক পর্যায়ে কলকাতার ওপেনার সুনিল নারাইনের ব্যাট স্টাম্পে লেগে বেল পড়ে গেলেও আম্পায়ার তাকে হিট আউট দেননি। কিন্তু কেন? এক্ষেত্রে ক্রিকেটীয় আইন কী বলে?

ইডেন গার্ডেন্সে কলকাতার ইনিংসের তখন ৮ম ওভার চলছে। নারাইন ১৬ বলে ১৮ রানে ব্যাট করছিলেন। বেঙ্গালুরুর পেসার রাসিখ সালামের করা চতুর্থ বলটা অফ স্টাম্পের খানিকটা বাইরে ছিল, নারাইন তা খেলার চেষ্টা করেননি। বল চলে যায় উইকেটকিপার জিতেশ শর্মার গ্লাভসে। উচ্চতার কারণে বলটি নারাইনের নাগালের বাইরে দিয়ে চলে গেছে মনে হওয়ায় লেগ আম্পায়ার সেটিকে ওয়াইড দেন।

সেই মুহূর্তে নারাইনের ব্যাট স্টাম্পে লেগে একটি বেল পড়ে যায়। স্টাম্প ও বেলের লাইটও জ্বলে ওঠে। বেঙ্গালুরুর বেশির ভাগ ফিল্ডার সেটা না বুঝলেও টিম ডেভিড আর বিরাট কোহলি ব্যাপারটি টের পেয়ে হিট আউটের আবেদন করেন। কিন্তু আম্পায়ার সাড়া দেননি। ব্যাট দিয়ে স্টাম্পে আঘাত করে বেল ফেলার পরও নারাইনকে কেন হিট আউট দেওয়া হলো না- এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় চর্চা।

মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) ৩৫.১.১.২ থেকে ৩৫.১.১.৪ ধারায় বলা আছে, একজন ব্যাটসম্যান তখনই হিট আউট হবেন, যখন তিনি প্রথম রান নেওয়ার জন্য দৌড় শুরু করতে গিয়ে উইকেট ভাঙবেন অথবা বল ছেড়ে দেওয়ার পর তৎক্ষণাৎ উইকেট ভাঙবেন অথবা বলকে স্টাম্পে লাগা থেকে বাঁচাতে গিয়ে উইকেট ভাঙবেন। কিন্তু নারাইন কোনো ধারা ভঙ্গ না করায় এবং ব্যাট স্টাম্পে লাগার আগে বল উইকেটকিপারের হতে চলে গিয়ে ডেড হয়ে যাওয়ায় তাকে আউট দেওয়া হয়নি।

এই ঘটনার পর আরও ১০ বল খেলেছেন নারাইন। ২৬ বলে ৪৪ রান করে সেই রাখিস সালামের বলেই তিনি আউট হয়ে যান। কলকাতা তোলে ১৭৪ রান। বিরাট কোহলি আর ফিল সল্টের ঝড়ে ৭ উইকেট ও ২২ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় বেঙ্গালুরু।