আত্মসমালোচনায় রোনালদো বললেন ‘মোটেও ভালো খেলতে পারিনি’

নেশন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে ডেনমার্কের কাছে ১-০ গোলে হেরে গেছে পর্তুগাল। গত বৃহস্পতিবারের এই ম্যাচের পুরোটা সময় রোনালদো যেন নিজের ছায়া হয়ে ছিলেন। তবে এবার নিজেদের মাঠে রবিবার রাতে দ্বিতীয় লেগের ম্যাচে আশাবাদী রোনালদো। সেইসঙ্গে প্রথম ম্যাচে বাজে পারফর্মেন্সের জন্য আত্মসমালোচনাও করেছেন।

পর্তুগাল মহাতারকা বলেছেন, ‘আমরা বাঁচা-মরার পরিস্থিতিতে নেই। তবে একটু বেশিই দুশ্চিন্তা কাজ করছে। কারণ জানি, কাল আমাদের জিততেই হবে। মনের সত্যিকারের অবস্থাটা লুকাব না। তবে এমন চ্যালেঞ্জ নেওয়া, এটাই ফুটবলের সৌন্দর্য্য। আর আমি জানি, মাঠে আমরা নিজেদের সেরাটা দিয়ে জয়ের চেষ্টা করব। সমর্থকদের পাশে পেতে চাই। আমরাও সেরাটা দিয়ে চেষ্টা করব, সমর্থকেরাও যেন তাদের শক্তি প্রদর্শন করে।’

প্রথম লেগে বল দখলে এগিয়ে থাকলেও আক্রমণে পর্তুগাল ছিল একেবারেই ধারহীন। তাই আত্মসমালোচনা করে রোনালদো বলেন, ‘এমন ম্যাচ, এমন বাজে দিন আগেও গেছে। প্রথম লেগে আমি একদমই ভালো খেলতে পারিনি, দলও না, তবে এটাই জীবনের অংশ। আগামীকাল মাথা উঁচু করে আলভালাদে স্টেডিয়াম ছাড়তে চাই। যদি গোল করতে পারি, খুশি হব, তবে আমি যদি না পারি, অন্য কেউ করুক। আমি কেবল পর্তুগালের জয় চাই।’

রবিবারের ম্যাচ নিয়ে প্রত্যাশা ব্যক্ত করে এই মহাতারকা বলেন, ‘আমার প্রত্যাশা যে, আগামীকাল আমাদের সবার জন্য সুন্দর একটা দিন হবে। এছাড়া আর কোনো উপায় নেই। এই জার্সির প্রতিনিধিত্ব করতে পেরে যারা গর্বিত, তাদের সবার অবশ্যই এই উচ্চাকাঙ্ক্ষা থাকতে হবে। আমি ৯০ মিনিটের লড়াইয়ে ম্যাচ হেরেছি, কিন্তু নকআউট পর্বের প্রথম লেগে কখনো হারিনি। ’

প্রথম লেগে একমাত্র গোলটি করে রোনালদোর ‘সিউউউ’ উদযাপন করেন ডেনমার্কের গাসমুস হয়লুন। এটা তার জন্য সম্মানের বলে মনে করেন রোনালদো, ‘আমি জানি, সে আমাকে অসম্মান করার জন্য সেটা করেনি; এটা বোঝার মতো যথেষ্ট বুদ্ধি আমার আছে। তাকে ও বিশ্বজুড়ে অন্যান্য ক্রীড়াবিদদের আমার মতো উদযাপন করতে দেখা সম্মানের। আশা করি, আগামীকাল আমি নিজে উদযাপন করতে পারব।’