হিলিতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাংকলরি খাদে পড়ে নিহত ২

দিনাজপুরের হাকিমপুরের হিলিতে একটি ট্রাংকলরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে ফিলিং স্টেশনের ম্যানেজার ও লরির হেলপারসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাক চালক আহত হয়েছেন। রবিবার (২৩ মার্চ) দুপুর ১টার দিকে হিলি দিনাজপুর সড়কের লোহাচড়া নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে। 

নিহত ম্যানেজার সাব্বির হোসেনের বাড়ি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় এবং হেলপার রাসেল হোসেনের বাড়ি পাঁচবিবি উপজেলার মাতকুড় গ্রামে। আহত ট্রাক চালক জাহিদুল ইসলামকে উদ্ধার করে হাকিমপুর উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ জানায়, রোববার বেলা একটার দিকে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার চৌধুরী ফিলিংস্টেশন থেকে ম্যানেজার সাব্বির হোসেন একটি ট্যাংকলরি নিয়ে তেল নেওয়ার জন্য পার্বতীর ডিপোতে যাচ্ছিল। ট্যাংকলরিটি হিলি দিনাজপুর সড়কের লোহাচড়া নামক স্থানে পৌঁছালে হঠাৎ করে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ফিলিং স্টেশনের ম্যানেজার সাব্বির হোসেন ও ট্রাকের হেলপার রাসেল হোসেন লরির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা ছুটে এসে চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য হাকিমপুর উপজেলায় হাস্পাতালে পাঠায়।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম ও হিলি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী ইনচার্জ আবুল কাশেম জানান,  ট্রাকের নিয়ে চাপাপড়া লাশ গুলো এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।