দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ সময় বুধবার সকালে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের পারফর্মেন্সের হাল এখন সম্পূর্ণ বিপরীত। কাতার বিশ্বকাপ ও পরপর দুটি কোপা আমেরিকা জিতে আর্জেন্টিনা এখন উড়ছে। অন্যদিকে ছন্নছাড়া ব্রাজিল তাদের দল গোছাতেই ব্যস্ত। এই বাজে অবস্থা থেকে বেরিয়ে আসার একটা উপায় বের করেছেন ব্রাজিল তারকা রদ্রিগো।
আর্জেন্টিনাকে সর্বশেষ ছয় বছর আগে ২০১৯ সালের জুলাইয়ে হারিয়েছিল ব্রাজিল। তারপর থেকে একতরফাভাবে ছড়ি ঘুরিয়ে যাচ্ছে আর্জেন্টিনা। ৩৬ বছর পর তারা বিশ্বকাপ ঘরে তুলেছে। কাতারে অনুষ্ঠিত ২০২২ বিশ্বকাপ আর্জেন্টিনার জন্য ছিল ‘মেসির জন্য বিশ্বকাপ’। দলের সবাই মেসির জন্য খেলে শিরোপা জয় করে এনেছে। এবার বাছাইপর্বেও আর্জেন্টিনার বিপক্ষে এমন কিছুই ভাবছেন রদ্রিগো।
ব্রাজিলের এই তারকা বলেছেন, ‘আর্জেন্টিনা শিরোপা জিতেছে কারণ সেখানে সবাই মেসির হয়ে খেলছিল। তাই, আমরা এটা পুরোপুরি বুঝতে পারি, এবং আমরা নেইমারের সামর্থ্য খুব ভালোভাবেই জানি। আমরা জানি সে আমাদের সেরা খেলোয়াড়। নেইমার সেই ব্যক্তি যে ১০ নম্বর জার্সি পরে। তাই, গর্ব এবং সম্মানের সাথে, আমরা তার জন্য লড়াই করব। কারণ আমরা জানি সে আমাদের সাহায্য করবে।’
বাছাইপর্বের ম্যাচটিতে অবশ্য মেসি-নেইমার দুজনের কেউই খেলবেন না। দুজনেই চোটে আক্রান্ত। নেইমার তো ১৭ মাস পর জাতীয় দলে ফিরে মাঠে নামার আগেই ছিটকে গেছেন। দলের জন্য নেইমারের গুরুত্ব ভালোভাবেই জানেন রদ্রিগো, ‘যখন আপনার দলে সেই মানের একজন খেলোয়াড় থাকে, এবং আপনার তার হয়ে খেলার সুযোগ থাকে, তখন এটি অনেক সহজ হয়ে যায়।’