কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ছাগলের জন্য ঘাস কাটা শেখানোর কথা বলে ভুট্টা ক্ষেতে নিয়ে ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ভুরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ। এর আগে সোমবার রাতে পুলিশ তাকে গ্রেফতার করে।
জানা গেছে, গত রোববার (২৩ মার্চ) বিকেলে উপজেলায় ৮ বছরের এক শিশু ছাগলের জন্য তার সহপাঠিসহ বাড়ি থেকে কিছু দূরে ভুট্টা ক্ষেতে ঘাস কাটতে যায়। কিছুক্ষণ পর তার তার সহপাঠী চলে গেলে মৃত মোহাম্মদ আলীর ছেলে সাইম আলী (৪০) শিশুটিকে ফুসলিয়ে ঘাস কাটা শেখানোর ছলে ভুট্টা ক্ষেতের ভেতরে নিয়ে শরীরের বিভিন্ন স্পর্শকাতর জায়গায় হাত দেয় এবং পরনের পায়জামা খুলে ধর্ষণের চেষ্টা করলে শিশুটি চিৎকার দেয়। শিশুটির আর্তচিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে ধর্ষক সাইম পালিয়ে যায়। পরে যৌন নির্যাতনের শিকার শিশুটিকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দিলে তার মা-বাবাকে সকল ঘটনা জানায়।
এই ঘটনায় গত সোমবার (২৪ মার্চ) শিশুটির মা বাদী হয়ে সাইমের বিরুদ্ধে ভূরুঙ্গামারী থানায় একটি এজাহার দায়ের করেন। পরে ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেতৃত্বে পুলিশের একটি দল সোমবার রাতে অভিযান চালিয়ে সাইমকে আটক করে।
ওসি আল হেলাল মাহমুদ জানান, যৌন নির্যাতনের শিকার শিশুটির মায়ের দায়েরকৃত মামলায় আটক সাইমকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।