যুবদলের কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ৯

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০৩:২৪ পিএম

চট্টগ্রাম নগরে যুবদল নেতার আয়োজিত কনসার্ট শেষে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল বের করলে ধাওয়া দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৯ নেতাকর্মীকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে বিএনপি  নেতাকর্মীরা। শনিবার (২৮ নভেম্বর) রাতে খুলশী থানার আমবাগান এলাকায় রেলওয়ে শহীদ শাহজাহান মাঠে কনসার্ট শেষে এ ঘটনা ঘটে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান জানান, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নামে স্লোগান দেওয়ায় ৯ জনকে আটক করা হয়েছে। ফুটেজ দেখে জড়িত অন্যদের শনাক্ত করার কাজ চলছে।

চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি জানান, শনিবার বিকেলে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের’এর ফাইনাল খেলার পর কনসার্টের আয়োজন ছিল। রাত ১০টার দিকে কনসার্ট শেষে লোকজন ফেরার সময় কয়েকজন যুবক ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু,  শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে’ স্লোগান দেওয়া শুরু করেন। এ সময় বিএনপি নেতাকর্মীরা ধাওয়া দিলে মিছিলকারীরা পালিয়ে যায়। এসময় ৯ জনকে আটক করে পুলিশের হাতে দেওয়া হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত