কুড়িগ্রামে বালু চরে চাপা ছিল অজ্ঞাত ব্যক্তির লাশ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বালু চর থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ মার্চ) উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী এলাকায় ফুলবাড়ী ধরলা সেতুর দক্ষিণে নির্জন বালু চর থেকে মরদেহ উদ্ধার করা হয়।

জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে কয়েকজন কৃষক মাঠে কাজে যাওয়ার সময় বালুর ভেতর পুতে রাখা দুই পা বাইরে বেরিয়ে থাকা অবস্থায় অজ্ঞাত লাশটি দেখতে পায়। পরে তাদের চিৎকারে আরও মানুষ এসে মরদেহ দেখতে পায়। এসময় তারা পুলিশকে খবর দেন। পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ জানান, ফুলবাড়ী ধরলা সেতু থেকে আনুমানিক এক কিলোমিটার দূরে বালুর চরে একটি অজ্ঞাত লাশের সন্ধান পাওয়া গেছে। লাশের দুই পা ছাড়া বাকি অংশ বালুর নিচে পোতানো ছিল। এখনো লাশের পরিচয় শনাক্ত করা যায়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে রংপুর পুলিশের ক্রাইম টিমকে অবগত করা হয়েছে। আমরা ঘটনাস্থলে অবস্থান করছি।