মুন্সীগঞ্জে মাদক মামলায় এক কারবারিকে ৫ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এছাড়াও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। আজ মঙ্গলবার (২৫ মার্চ) বেলা ১২ টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গাজী দেলোয়ার হোসেন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত মাদক কারবারির নাম গোলাম মোস্তফা (৪৩)। তিনি জেলা সদরের খানকা দালালপাড়া গ্রামের মৃত হারুনুর রশিদের ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি সদর উপজেলার সুখবাসপুর এলাকার বছিরননেছা উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় সেখানে ৫০ পুরিয়া হেরোইনসহ গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করেন তারা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের পরিদর্শক মো. হোসেন মিয়া বাদী হয়ে গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেন।
সরকার পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সুলতানা রোজিনা ইয়াসমিন বলেন, মামলায় ৫ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছেন।