বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরে খেলার জন্য তিন ক্রিকেটারকে অনাপত্তিপত্র (এনওসি) দেওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পথে। নির্বাচিত এই তিন ক্রিকেটার হলেন—উইকেটকিপার-ব্যাটার লিটন দাস, লেগ স্পিনার রিশাদ হোসেন এবং পেসার নাহিদ রানা।
আগামী ১১ এপ্রিল থেকে ১৮ মে পর্যন্ত অনুষ্ঠিতব্য পিএসএলে অংশগ্রহণের জন্য এই এনওসি দেওয়া হবে।
পিএসএলের প্লেয়ার্স ড্রাফটে করাচি কিংস দলে নিয়েছে লিটনকে, লাহোর কালান্দার্স বেছে নিয়েছে রিশাদকে এবং পেশোয়ার জালমির স্কোয়াডে ঠাঁই পেয়েছেন নাহিদ।
বিসিবির ক্রিকেট অপারেশনসের ইনচার্জ শাহরিয়ার নাফীস বলেন, ‘বোর্ড এনওসির বিষয়ে ইতিবাচক মনোভাব পোষণ করছে। তবে খেলোয়াড়দের প্রাপ্যতা বিবেচনায় এনওসি কতদিনের জন্য দেওয়া হবে, তা বোর্ডই নির্ধারণ করবে।’
তিনি আরও জানান, খেলোয়াড়দের আন্তর্জাতিক সূচি পর্যালোচনা করে আগামী এক-দুই দিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। তিনি বলেন, ‘রিশাদের কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই, কারণ সে আমাদের টেস্ট স্কোয়াডের অংশ নয়। তবে লিটন ও নাহিদ টেস্ট দলে থাকায় তাদের বিষয়টি আলাদাভাবে বিবেচনা করতে হবে।’
উল্লেখ্য, আগামী ২০ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ আয়োজন করবে বাংলাদেশ। এই সিরিজের কারণে লিটন ও নাহিদের পিএসএলে সম্পূর্ণ অংশগ্রহণ নিয়ে সংশয় রয়েছে।
এদিকে নাহিদের ওয়ার্কলোড ব্যবস্থাপনা নিয়ে পিএসএল দলগুলোর সঙ্গে যোগাযোগ করা হতে পারে বলে জানিয়েছেন এক নির্বাচক। তিনি বলেন, ‘নাহিদের ওয়ার্কলোড ব্যবস্থাপনা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। পিএসএলে তার ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কথা বলে এমনভাবে তাকে খেলানোর চেষ্টা করব, যাতে ওয়ার্কলোড নিয়ন্ত্রণে থাকে।’