আর্জেন্টিনার কাছে ৪ গোল খেয়ে ক্ষমা চাইলেন ব্রাজিল অধিনায়ক

ক্ষমা চাওয়া ছাড়া কীইবা করার আছে ব্রাজিল অধিনায়ক মার্কুইনহোসের? চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে যে নূন্যতম প্রতিদ্বন্দ্বিতাও গড়তে পারেনি তার দল! হেরেছে ৪-১ ব্যবধানে। এভাবে বিধ্বস্ত হওয়ার পর সমর্থকদের মনোবেদনা অনুভব করতে পারছেন ব্রাজিলের অধিনায়ক মার্কুইনহোস। ম্যাচ শেষে তাই সমর্থকদের কাছে তিনি ক্ষমাও চেয়েছেন।

ব্রাজিল অধিনায়ক বলেন, ‘এখনও খেলার রেশ আছে। কথা বলা কঠিন…তবে এটা বিব্রতকর। আজ আমরা যা করেছি, সেটা পুনরাবৃত্তি করা যাবে না। ম্যাচের শুরুটাই আমাদের জন্য বাজে ছিল। আমাদের গড়পড়তা সামর্থ্যেরও নিচে ছিল। ওরা (আর্জেন্টিনা) এমনিতেই আত্মবিশ্বাসে টগবগ করে ছুটছে। ওরা জানে, কীভাবে স্মার্ট ফুটবল খেলতে হয়। সমর্থকদের জন্য খারাপ লাগছে, ক্ষমা প্রার্থনা করছি।’

অনেকেই বলছেন, ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র ভুল পরিকল্পনায় ব্রাজিল এমন ভোগান্তিতে পড়েছে। কিন্তু মার্কুইনহোস এমনটা মনে করেন না, ‘এটা স্রেফ কোচের দোষ নয়, ফুটবলারদেরও দায় আছে। ফুটবলে এমন কোনো রহস্যময় ফর্মুলা নেই যে, কোনো একটা বেছে নিলে সেটা কাজ করবে। আমাদের সবাইকে আরও ভালো করতে হবে। দায় আমাদের সবারই নিতে হবে। সময় ও পরিস্থিতি বুঝে মাটিতে পা রাখতে হবে।’

এই ম্যাচের আগেই অবশ্য ২০২৬ বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তাদের পয়েন্ট ৩১। অন্যদিকে পরাজয়ের পর ১৪ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে বাছাইয়ের পয়েন্ট তালিকায় চারে আছে ব্রাজিল। সমান পয়েন্ট নিয়ে তিনে আছে উরুগুয়ে আর ২৩ পয়েন্ট নিয়ে দুইয়ে ইকুয়েডর।