আইপিএলে ‘ডাক’ মারার রেকর্ড গড়লেন ম্যাক্সওয়েল

গুজরাট টাইটান্সের বিপক্ষে ‘গোল্ডেন ডাক’ মেরে বিব্রতকর এক রেকর্ডে নাম লেখালেন অস্ট্রেলিয়ার মারকুটে অল-রাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। তিনিই এখন আইপিএলে সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হওয়া ক্রিকেটার। অবশ্য ম্যাক্সওয়েলের ব্রিব্রতকর রেকর্ডের দিনে তার দল পাঞ্জাব কিংস জিতেছে ১১ রানে।

এই ম্যাচ নিয়ে আইপিএলে ১৯বার শূন্য রানে আউট হলেন ম্যাক্সওয়েল। রোহিত শর্মা ও দীনেশ কার্তিক আইপিএলে ১৮বার শূন্য রানে আউট হয়েছেন। এতদিন তাদের সঙ্গী হয়ে ছিলেন ম্যাক্সওয়েল। তবে গতকালের ম্যাচে তিনি টপকে গেলেন সবাইকে। গুজরাটের স্পিনার সাই কিশোরের বলে রিভার্স সুইপ খেলতে গিয়ে তিনি এলবিডাব্লিউ হয়ে যান।

ম্যাক্সওয়েলের এই কীর্তির পর কিছুটা হলেও স্বস্তিতে থাকবেন দুই দিন আগে ১৮তম ‘ডাক’ মারা রোহিত। আইপিএলের শূন্য রানে আউট হওয়ার তালিকায় তৃতীয় স্থানে আছেন পীযূষ চাওলা ও সুনীল নারাইন। দুজনেই ১৬বার করে শূন্য রানে আউট হয়েছেন। রশিদ খান ও মনদীপ সিংহ ১৫ বার শূন্য রানে ড্রেসিংরুমে ফিরেছেন। ১৪ বার শূন্য রানে আউট হয়েছেন মণীশ পাণ্ডে এবং অম্বাতি রায়ডু।

আইপিএলের গত আসর একেবারেই ভালো যায়নি ম্যাক্সওয়েলের। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ১০ ম্যাচে করেছিলেন মাত্র ৫২ রান। অনুমিতভাবেই বেঙ্গালুরু তাকে ছেড়ে দিয়েছে। এবারের মেগা নিলামে ৪ কোটি ৮০ লক্ষ রুপিতে তাকে দলে ভিড়িয়েছে পাঞ্জাব। নতুন দলের হয়েও শুরুটা মোটেও ভালো হলো না ম্যাক্সওয়েলের। বল হাতে ২ ওভারে ২৬ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট।