হাতিয়ায় বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারে ডাকাতি 

নোয়াখালীর হাতিয়ার দক্ষিণে নিঝুম দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার গভীর রাতে ক্ষতিগ্রস্ত মাছ ধরার ট্রলারটি ১৭ জেলেসহ উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, এমভি পাখি নামক ট্রলারটি মালিক আব্দুর রহিম মাঝি হাতিয়া বাসিন্দা। তিনি জানান, মঙ্গলবার গভীর রাতে ২০-২৫ মন ইলিশ মাছসহ গভীর সাগর থেকে হাতিয়ার  মোহম্মদ আলী সুইজ ঘাটের উদ্দেশে আসার সময় ২০-২৫ জনের ডাকাত দল অপর একটি ট্রলারযোগে এসে গতিরোধ করে। পরে প্রথমে ফাঁকা গুলি করে এবং ট্রলারে থাকা  জেলেদের ওপর ধারালো অস্ত্রশস্ত্র লাঠি সোটা দিয়ে হামলা করে।

ট্রলারের সুমন মাঝি সাংবাদিকদেরকে বলেন, আমাদের বোটে উঠে অস্ত্র দেখিয়ে জিম্মি করে বেধম মারধর করে। এদের মধ্যে আহত চারজন জেলের অবস্থা আশঙ্কাজনক। আহতরা হলেন- মো. সুমন (৩৫), মো. জহির (২৭), মো. রাকিব, মো. নিশান।

তিনি আরও জানান, ওই ট্রলারে থাকা প্রায় ২০ মণ মাছ, জ্বালানি তেল, ৪/৫টা মোবাইল, মাছধরা জালসহ সবকিছু লুণ্ঠন করে নিয়ে যায় ডাকাতরা।

ওই ট্রলারের মালিক রহিম মাঝি বলেন, রাত ২টায় জেলে নিশান কল করে হাউ মাউ করে বলেন— ‘আমাদেরকে দ্রুত উদ্ধার করেন, ইঞ্জিন নষ্ট করে ফেলছে, ডাকাতি করে সব লুটপাট করে নিয়ে গেছে’। পরে সুইস ঘাট থেকে একটি ট্রলার নিয়ে তাদের উদ্ধার করা হয়েছে। এতে জাল ও মাছসহ প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন।

হাতিয়া থানার ওসি একেএম আজমল হুদা জানান, এই ঘটনা নিয়ে কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।