ব্রাজিল সুপারস্টার নেইমার পার্টি করতে কতটা ভালোবাসেন তা সবাই জানে। এমনকী চোট শঙ্কা নিয়েও তার পার্টিতে যাওয়ার ঘটনা ঘটেছে। সম্প্রতি এই ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন চোটে ফের মাঠের বাইরে চলে যাওয়া নেইমার। এবার তার পার্টি করা নিয়ে খোঁচা মারলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই।
গতকাল বুধবার ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ৪-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। অবশ্য এর আগেই তাদের বিশ্বকাপের মূলপর্বে খেলা নিশ্চিত হয়েছে। ম্যাচটিতে খেলতে পারেননি নেইমার। ১৭ মাস পর জাতীয় দলের স্কোয়াডে ফিরে আবারও চোটের কারণে ছিটকে গেছেন। হারতে হারতে ছন্নছড়া হয়ে পড়া ব্রাজিল নেইমারকে ছাড়া যেন খেলাটাই ভুলে গিয়েছিল।
এদিকে ম্যাচ শুরুর আগে আর্জেন্টিনাকে গুঁড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন ব্রাজিল তারকার রাফিনহা। তার জবাবে একে একে মুখ খুলছেন আর্জেন্টাইন ফুটবলাররা। বসে নেই প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনার উদযাপনের প্রসঙ্গ টেনে ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘ভাবছি, নেইমার পার্টি করতে কতটা পছন্দ করে। কিন্তু অদ্ভুতভাবে সে এই উদযাপনটা মিস করছে।’
আর্জেন্টাইন প্রেসিডেন্টের এমন খোঁচা দেওয়ার পেছনে অবশ্য নেইমার যতটা না দায়ী তারচেয়ে বেশি দায়ী রাফিনিয়া। আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে এই তারকা বলেছিলেন, ‘আমরা তাদের অবশ্যই হারাব। গুঁড়িয়ে দেব। মাঠে এবং প্রয়োজন হলে মাঠের বাইরেও। নিশ্চিতভাবে আমি গোল করতে যাচ্ছি। আমরা যা আছে সব নিয়ে মাঠে নামব।’