আর্জেন্টিনার কাছে হারের পর ওসাসুনার বিপক্ষে নেই রাফিনহা

আপডেট : ২৭ মার্চ ২০২৫, ১১:০২ এএম

আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ শেষেই তাড়াহুড়া করে বার্সেলোনার বিমানে উঠেছেন রাফিনহা। এর আগে উরুগুয়ে ডিফেন্ডার রোনাল্ড আরাউহোও তাই করেছেন। তবে ওসাসুনার বিপক্ষে বৃহস্পতিবারের ম্যাচে তাদের খেলা হচ্ছে না। বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

লা লিগার স্থগিত হওয়া এই ম্যাচটি বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাত ২টার সময় শুরু হবে। এতো স্বল্প বিশ্রাম পাওয়ায় রাফিনহা ও আরাউহোকে খেলানো হবে না বলে জানান ফ্লিক, ‘তারা দুজন খেলবে না। দীর্ঘ ফ্লাইটের পর রিকভারির জন্য সময় দিতে হবে। আরাউহো সর্বশেষ ম্যাচে খেলেনি। তবে চোটের পর তার অনুশীলন করতে পারাটা ভালো কিছু। আমরা দেখব রবিবার পরিস্থিতি কী দাঁড়ায়।’

বার্সেলোনা কোচ আরও বলেন, ‘আমাদের একটি ভালো দল আছে। অনুশীলনর যা দেখেছি তা বেশ ইতিবাচক। আমাদের তিন পয়েন্টের জন্য লড়াই করতে হবে। যদি কাল জিততে পারি, তাহলে খুব ভালো হবে। (শুরুর একাদশে) পাউ কুবার্সি খেলবে না। এরিক এবং ইনিগো খেলবে। পাউ বেঞ্চে থাকবে। তাকে আমাদের প্রয়োজন। আমি মনে করি, বাড়তি দুই বা তিন দিনের বিশ্রাম তার জন্য ভালো হবে।’

আগামী ২০ দিনের মধ্যে ৭টি ম্যাচ খেলতে হবে বার্সেলোনাকে। এই পর্যায়ে এত ব্যস্ত সূচিতে মানিয়ে নিতে দল প্রস্তুত থাকবে বলেও জানান ফ্লিক, ‘আমি ফিজিও এবং স্টাফদের সঙ্গে কথা বলেছি। কীভাবে খেলোয়াড়দের স্বাভাবিক অবস্থায় পাওয়া যায়, এ নিয়ে আলোচনা হয়েছে। তারা আমাকে বলেছে, খেলোয়াড়েরা প্রস্তুত। প্রতি তিন দিনে এক ম্যাচ খেলা কঠিন হবে না। তা দের মতামতের ওপর আমার আস্থা আছে। দেখা যাক কী হয়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত