বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে ৪-১ গোলের বড় হারের পর ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রের চাকরি নিয়ে টানাটানি পড়ে গেছে। এই বিপর্যয়ের পর প্রধান কোচ হিসেবে দরিভালকে বাদ দেওয়ার দাবি উঠেছে। এই কোচকে হয়তো আর দায়িত্বে রাখা হবে না বলে দাবি করছে ব্রাজিলিয়ান গণমাধ্যমগুলো। তাহলে কাকে নতুন কোচের দায়িত্ব দিতে যাচ্ছে ব্রাজিল?
গত কাতার বিশ্বকাপে ভরাডুবির পর তখনকার কোচ তিতে পদত্যাগ করেন। এরপর দীর্ঘদিন ব্রাজিলের কোনো প্রধান কোচ ছিল না। রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তিকে পেতে মাসের পর মাস অপেক্ষা করেছে ব্রাজিল ফুটবল। শেষ পর্য্ন্ত ব্যর্থ হয়ে দরিভাল জুনিয়রকে দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু দরিভালের অধীনে ব্রাজিলের পারফর্মেন্সের অবস্থা করুণ। তাই আগামী জুনের মাঝে নতুন কোচ দেখা যেতে পারে।
ব্রাজিলিয়ান গণমাধ্যমের খবর, ব্রাজিলের প্রধান কোচ হওয়ার দৌড়ে আছেন চেলসির সাবেক ডিফেন্ডার ফিলিপ লুইস। ক্যারিয়ার শেষে ফ্ল্যামেঙ্গোর ম্যানেজার হিসেবে তিনি কর্মজীবন শুরু করেছেন এবং সেখানে তার নামডাকও হয়েছে। ২০২৩ সালে অবসর নেওয়া ৩৯ বছর বয়সী লুইস গত সেপ্টেম্বরে ফ্ল্যামেঙ্গোর প্রধান কোচ হিসেবে নিযুক্ত হওয়ার পর থেকে ইতিমধ্যেই তিনটি ট্রফি জিতেছেন।
২০২৪ সালের জানুয়ারিতে দরিভাল প্রধান কোচের দায়িত্ব নেওয়ার পর ব্রাজিল ১৬টি ম্যাচ খেলে ৭টি করে জয় এবং ড্র করেছে। পরাজয় ২টি। কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় ঘটেছে তাদের। দরিভালের জায়গায় ব্রাজিল এখনো কার্লো আনচেলত্তিকে পাওয়ার আশা ছাড়েনি। শোনা যাচ্ছে, ব্রাজিলের কোচ হতে নাকি আনচেলত্তির আপত্তি নেই। কিন্তু রিয়ালের সঙ্গে তার চুক্তি শেষ হবে আগামী মৌসুম শেষে। এখন দেখার, এসব গুঞ্জনের কোনটা সত্যি হয়।