'জুনে আবার ফিরে আসব' জানিয়ে ইংল্যান্ডে চলে গেলেন হামজা

আপডেট : ২৭ মার্চ ২০২৫, ০৮:১৪ পিএম

আন্তর্জাতিক অভিষেক উপলক্ষে গত ১৭ মার্চ সকালে বাংলাদেশে এসেছিলেন ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। এরপর গত ২৫ মার্চ ভারতের শিলংয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক ম্যাচ খেলে গতকাল দেশে ফিরেছিলেন। এবার তিনি ফিরে যাচ্ছেন ইংল্যান্ডে।

ইংল্যান্ডের ক্লাব শেফিল্ড ইউনাইটেডে যোগ দিতে আজ বৃহস্পতিবার সকালে বাংলাদেশ বিমানের ফ্লাইটে দেশ ছেড়েছেন হামজা। সকাল পৌনে দশটার একটা ফ্লাইটে তিনি ঢাকা থেকে সিলেট যান। এরপর পৌনে বারোটার দিকে ওই ফ্লাইটেই সিলেট থেকে ম্যানচেস্টারের উদ্দেশে উড়াল দেন।

যাবার আগে বাফুফের ফেসবুকে একটি ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘আমি বোঝাতে পারব না, আমার কাছে এর অনুভূতিটা কেমন ছিল। সবাইকে ধন্যবাদ, ইনশা আল্লাহ আমি জুনে আবার ফিরে আসব। আমার সুস্বাস্থ্যের জন্য দোয়া করবেন।’

হামজাকে নিয়ে গত ১০ দিন বাংলাদেশে তুমুল উন্মাদনা দেখা গেছে। তার নিজ জেলা হবিগঞ্জে ১৭ ও ১৮ মার্চ বিপুল সংবর্ধনা ও ভালোবাসা পেয়েছেন। এরপর ঢাকায় তার অনুশীলন ঘিরেও ছিল সবার তুমুল আগ্রহ। ভারতের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করে সবার মন জয় করেছেন। শুধু খেলা নয়, আচার-আচরণেও হামজা ছিলেন অনন্য।

এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের পরবর্তী ম্যাচ আগামী ১০ জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে। ওই ম্যাচ খেলতে পুনরায় বাংলাদেশে আসার কথা আছে হামজার। এর আগ পর্যন্ত তিনি ক্লাব ফুটবল মাতাবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত