প্যারিসে পালিত হলো মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫

প্যারিসে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানে রাষ্ট্রদূত খন্দকার এম. তালহা বলেন, জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। ২৬ মার্চ প্যারিসের দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।

রাষ্ট্রদূত মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করে তাদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং নতুন বাংলাদেশের সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। আলোচনা সভায় প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফ্রান্স বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ তাহের, কমিউনিটি ব্যক্তিত্ব আইয়ুব আলী ও জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় ডায়াস্পোরা সেলের সদস্য ইশতিয়াক আকিব। 

রাষ্ট্রদূত তার বক্তব্যে বলেন, দেশের স্বার্থবিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সজাগ থাকতে হবে। প্রবাসীদের অর্থনৈতিক অগ্রযাত্রায় ভূমিকা রাখতে বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানান তিনি। 

অনুষ্ঠানটি পরিচালনা করেন দূতাবাসের প্রথম সচিব ওয়ালিদ বিন কাশেম। শেষে মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।