নারী এশিয়ান কাপ বাছাইয়ের ড্র অনুষ্ঠিত হয়ে গেল বৃহস্পতিবার। মালয়েশিয়ার কুয়ালালামপুরে এএফসির সদর দপ্তরে অনুষ্ঠিত এই ড্রয়ে বাংলাদেশ পড়েছে ‘সি’ গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশের সঙ্গী হয়েছে মিয়ানমার, বাহরাইন ও তুর্কমেনিস্তান। এশিয়ার ৩৪টি দেশ নিয়ে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট।
শক্তির বিচারে গ্রুপের তিন প্রতিপক্ষ বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে। বাংলাদেশের ফিফা র্যাঙ্কিং যেখানে ১৩৩, সেখানে মিয়ানমারের জাতীয় নারী দলের র্যাঙ্কিং ৫৫, বাহরাইন ৯২, আর তুর্কমেনিস্তানের র্যাঙ্কিং ১৪১। টুর্নামেন্টের ছয়টি গ্রুপে আছে ৪টি করে দল। এবং বাকি দুই গ্রুপে আছে ৫টি করে দল। আট গ্রুপের চ্যাম্পিয়নরা চূড়ান্ত পর্বে খেলবে বর্তমান চ্যাম্পিয়ন চীন, দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে।
আগামী ২৩ জুন থেকে ৫ জুলাই হবে এএফসি এশিয়ান কাপের বাছাইপর্ব। বাংলাদেশ বাছাইপর্ব খেলবে মিয়ানমারে। এশিয়ান কাপের চূড়ান্ত পর্ব হবে আগামী বছর ১-২১ মার্চ অস্ট্রেলিয়ায়। এশিয়ান কাপ বাছাই সামনে রেখে এরই মধ্যে ৫৫ জন নারী ফুটবলারকে জাতীয় দলের ক্যাম্পে ডেকেছে বাফুফে। আগামী ৬ এপ্রিল শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। এই ক্যাম্পে বিদ্রোহী ফুটবলারদেরকেও ফেরানো হবে বলে জানা গেছে।