‘মেসি থাকলে ব্রাজিলকে দুই-তিনটি গোল বেশি দিতাম’

আপডেট : ২৭ মার্চ ২০২৫, ০৩:০৯ পিএম

ব্রাজিল-আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই ম্যাচ শেষ হওয়ার এক দিনের বেশি কেটে গেছে। কিন্তু আলোচনা যেন থামছেই না। গতকাল বুধবার চিরপ্রতিদ্বন্দ্বীদের ৪-১ গোলে হারায় লিওনেল মেসি-লাউতারো মার্টিনেজ বিহীন আর্জেন্টিনা। ম্যাচটিতে মেসি খেললে আরও দুই-তিনটা গোল বেশি হতো বলে মনে করেন হুলিয়ান আলভারেজ।

গতকালের ম্যাচে দুর্দান্ত ফুটবলের পসরা মেলে ধরেছিল আর্জেন্টাইনরা। প্রথমার্ধেই তিনটি গোল হজম করতে হয়েছে ব্রাজিলকে, দ্বিতীয়ার্ধে আরও একটি। গোলগুলো করেছেন- হুলিয়ান আলভারেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ এবং জুলিয়ানো সিমেওনে। অন্যদিকে ব্রাজিলের হয়ে একমাত্র গোলটি করেছেন মাথিয়াস কুনিয়া। বিশ্বকাপ বাছাইয়ে প্রথমবারের মতো ৪ গোল হজমের অনাকাঙ্ক্ষিত অভিজ্ঞতা হয়েছে ব্রাজিলের।

ম্যাচের পর আলভারেজের কাছে জানতে চাওয়া হয়েছিল, মেসি থাকলে আর্জেন্টিনা আরও কত ভালো করতে পারত? জবাবে রাখঢাক না করেই আলভারেজ বলেছেন, ‘মেসি থাকলে আমরা হয়তো আরও দুই-তিনটি গোল করতে পারতাম।’ তার সঙ্গে সুর মিলিয়ে মিডফিল্ডার রদ্রিগো ডি পল বলেন, ‘আমাদের দলের সেরাটা সবসময় পাওয়া যায় যখন ১০ নম্বর (মেসি) খেলে। কারণ সে সর্বকালের সেরা।’

উল্লেখ্য, চোটের কারণে ব্রাজিল এবং উরুগুয়ের বিপক্ষে ম্যাচদুটি খেলতে পারেননি মেসি। অবশ্য ব্রাজিলের সেরা তারকা নেইমারও চোটের কারণে ছিলেন না। ১৭ মাস পর জাতীয় দলের স্কোয়াডে ফিরে মাঠে নামার আগেই ছিটকে গেছেন এই তারকা। অবশ্য ব্রাজিল দলের যা অবস্থা, নেইমার থাকলেও কি চিত্রটা বদলে যেত?

×
সর্বশেষ সর্বাধিক পঠিত