হাটহাজারীতে মন্দাকিনী স্নান ও মেলা সম্পন্ন

চট্টগ্রামের হাটহাজারীর ১নং ফরহদাবাদ ইউনিয়নের ঐতিহ্যবাহী মন্দাকিনী গ্রামে প্রতি বছরের ন্যায় এ বছর ও দুইদিনব্যাপী মন্দাকিনী স্নান ও মেলা  মহাসমারোহে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) এ উপলক্ষে মন্দাকিনী মেলা উদযাপন পরিষদ ধর্ম সভা, গীতাপাঠ, কীর্ত্তন, স্নান, তর্পণ  ও পূজা অনুষ্ঠানের আয়োজন করে। স্নান ও মেলা শান্তিপূর্ণ ভাবে উদযাপনের জন্য কমিটি ও প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। 

জানা যায়,  মেলায় সনাতনী ও উপজাতী ত্রিপুরা সম্প্রদায় প্রত্যেক বছরের ন্যায় মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে সীতাকুন্ড পাহাড়ের জলপ্রপাত থেকে উৎপত্তি হওয়া মন্দাকিনী খালের পানিতে স্নান,তর্পণ করতে আসেন। এতে স্নান করলে মহাপূণ্যের অধিকারী হতে পারে বলে স্মরণাতীত কাল থেকে সনাতনী সম্প্রদায় এ বিশ্বাস লালন করে আসছেন। এ বিশ্বাসের সূত্র ধরে বংশানুক্রমে এ তিথিতে মন্দাকিনী খালে স্নান করলে মহাপূণ্য ছাড়াও শরীর, মন ও দেহ পবিত্র হয়। মেলায় সনাতনী সম্প্রদায় ছাড়া ও নানা ধর্মের লোকজনের সমাগম ঘটে। তাই উদার মানসিকতার লোকজন এ মেলাকে আন্তরিকতা, সম্প্রীতির ও বন্ধুত্বের মেলা বলে আখ্যায়িত করেন।

পার্বত্য জেলা খাগড়াছড়ির, মাটিরাঙ্গা, মানিকছড়ি ও লক্ষীছড়িসহ চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকা থেকে আগত পূর্ণার্থীদের সাথে কথা বলে জানা যায়, মন্দাকিনী মেলা সনাতনী সম্প্রদায়ের কাছে মিলন মেলা। প্রতি বছর এমেলার জন্য লোকজন অপেক্ষা করে থাকে। পার্বত্য জেলা ও চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে বিপুল সংখ্যাক পূর্ণার্থী বিভিন্ন যানবাহনে করে মেলায় এসেছেন। মেলার শান্তিপূর্ণ পরিবেশ বজায় ছিল। এবার খালে পর্যাপ্ত পরিমান পানি থাকায় পূর্ণার্থীদের কোন অসুবিধা হয়নি।

মেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে গৌবিন্দ প্রসাদ মহাজন ও  পাঁচকড়ি শীল জানান, মন্দাকিনি মেলায় দেশের বিভিন্ন স্থান থেকে ত্রিপুরা ও সনাতন সম্প্রদায়ের বিপুল সংখ্যক পূর্ণার্থী সমাগম ঘটে। সুন্দর ও সুশৃংঙ্খলা ভাবে বারুণী স্নান, পূজা, তর্পণসহ ,আলোচনা সভা, ধর্মীয় কীর্তন, সাংস্কৃতিক ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তাছাড়া  মেলায় আগতদের জন্য মহাপ্রসাদ বিতরনের ব্যবস্থা করা হয়েছে।

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু কাওসার মাহমুদ হোসেন বলেন, ‘মন্দাকিনী স্নান  ও মেলা শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করেছে।’

হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার এ বি এম মশিউজ্জামান বলেন, ‘সনাতন সম্প্রদায়ের ঐতিহ্যবাহী মন্দাকিনী মেলা সুন্দরভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগীতা করা হয়েছে।’