বাংলাদেশ থেকে ফিরে ক্লান্ত হামজা কি খেলবেন কভেন্ট্রির বিপক্ষে?

বাংলাদেশের জার্সিতে আন্তর্জাতিক ম্যাচ খেলে ইংল্যান্ডে ফিরেছেন হামজা চৌধুরী। শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার ভারতের শিলংয়ে জওহরলাল নেহেরু স্টেডিয়ামে বাংলাদেশকে এক পয়েন্ট এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এরপর গতকাল বৃহস্পতিবার লন্ডনের উদ্দেশ্যে দেশ ছাড়েন তিনি। দীর্ঘ ৯ ঘণ্টার বিমান যাত্রা শেষে পৌঁছান ইংল্যান্ডের রাজধানীতে।

তবে বিশ্রামের সুযোগ খুব একটা পাননি এই ইংলিশ চ্যাম্পিয়নশিপ মিডফিল্ডার। লন্ডনে এক রাত কাটিয়ে আজই আবার তাকে যোগ দিতে হয়েছে শেফিল্ড ইউনাইটেডের ক্যাম্পে। কারণ আজ শুক্রবার বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় ব্রামল লেনে কভেন্ট্রি সিটির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে শেফিল্ড ইউনাইটেড।

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে—দীর্ঘ ভ্রমণ শেষে এই ম্যাচে একাদশে সুযোগ পাবেন কি না হামজা চৌধুরী। শেফিল্ড কোচ ক্রিস ওয়াইল্ডার তাকে নিয়ে শেষ মুহূর্তে সিদ্ধান্ত নিতে পারেন। ব্রাজিলিয়ান মিডফিল্ডার ভিনিসিয়ুস সৌজা আগের ম্যাচে অনুপস্থিত ছিলেন, যদি তিনি ফেরেন, তবে হামজাকে হয়তো বেঞ্চেই থাকতে হবে। তবে সৌজা ফিট না হলে সিডি পেকের সঙ্গে মিডফিল্ড সামলানোর দায়িত্ব পেতে পারেন হামজা।

শেফিল্ড ইউনাইটেডের জন্য ম্যাচটি গুরুত্বপূর্ণ। তারা বর্তমানে ৮২ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় স্থানে রয়েছে, তবে তৃতীয় স্থানে থাকা বার্নলির সঙ্গে ব্যবধান মাত্র দুই পয়েন্টের। তাই কভেন্ট্রির বিপক্ষে জয় তাদের স্বস্তিতে রাখবে।

অন্যদিকে, কভেন্ট্রি সিটিও দুর্দান্ত ফর্মে রয়েছে। ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের অধীনে দারুণ পারফরম্যান্স করে দলটি পঞ্চম স্থানে উঠে এসেছে। শেষ ম্যাচে সান্ডারল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে তারা। ফলে ব্রামল লেনে তারা জয়ের লক্ষ্যেই নামবে।

এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে শেফিল্ড শিবিরে হামজাকে নিয়ে সিদ্ধান্তটা তাই হতে পারে শেষ মুহূর্তের। বাংলাদেশ থেকে ফিরে ক্লান্ত এই মিডফিল্ডার ম্যাচের গুরুত্বপূর্ণ অংশ হতে পারবেন কি না, সেটাই এখন দেখার বিষয়।