বাংলাদেশের অবস্থান উল্লেখ করে চীনা বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

ভারতের সেভেন সিস্টার্স, নেপাল ও ভূটানসহ এই অঞ্চলের ভূরাজনৈতিক উন্নয়নে বাংলাদেশের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ শুক্রবার বেইজিংয়ে ‘দ্য প্রেসিডেনশিয়াল’ হাউজে চীনা ব্যবসায়ী নেতাদের সঙ্গে বিনিয়োগ সংলাপে তিনি এ কথা বলেন।

বৈঠকে প্রধান উপদেষ্টা চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের জন্য আহ্বান জানান। এ সময় তিনি দেশের তৈরি পোশাক খাতের সক্ষমতার উদাহরণ তুলে ধরেন এবং বাংলাদেশে ব্যবসা বিনিয়োগ বাড়ানোর নতুন ক্ষেত্রগুলোর কথা উল্লেখ করেন।

 

ড. ইউনূস বলেন, ‘বাংলাদেশের তরুণরা দেশকে এগিয়ে নিতে অত্যন্ত দৃঢ়প্রতিজ্ঞ। তাদের সংখ্যা নেহাত কম নয় এবং তারা জানে কীভাবে চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। ফলে, বাংলাদেশ বিনিয়োগের জন্য একটি অনন্য স্থান হতে পারে। এসময় তিনি চীনা ব্যবসায়ীদের বাংলাদেশ সফরের আহ্বান জানান।

এদিকে, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যকার দ্বিপক্ষীয় বৈঠক অত্যন্ত সফল এবং ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ সকালে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান। 

পোস্টে তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে অত্যন্ত সফল একটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিস্তৃত পরিসরে ফলপ্রসূ ও গঠনমূলক আলোচনা হয়েছে।’

উল্লেখ্য, ড. মুহাম্মদ ইউনূস গত ২৬ মার্চ দুপুরে চার দিনের সরকারি সফরে চীনে পৌঁছান। প্রধান উপদেষ্টাসহ তার সফরসঙ্গীদের বহনকারী সাউদার্ন এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট বাংলাদেশ সময় বিকেল ৪টা ১৫ মিনিটে চীনের হাইনানের কিয়োংহাই বোয়াও আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সেখানে চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম এবং হাইনান প্রদেশের ভাইস গভর্নর বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান।

এদিকে, সফর শেষে ২৯ মার্চ প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।