নিয়োগের দিনই প্রসিকিউটর সিলভিয়ার নিয়োগ বাতিল

গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদে নিয়োগ পেয়েছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী আফরোজ পারভীন সিলভিয়া। তবে একদিন পরই তার নিয়োগ বাতিল হয়েছে। 

আওয়ামী সমর্থিত আইনজীবী সংগঠনের সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে— এমন বিষয়টি আলোচনায় আসার পর তার নিয়োগ বাতিল হয়।

গতকাল তার নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ।

এর আগে বৃহস্পতিবার মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আফরোজ পারভীন সিলভিয়াসহ চার আইনজীবীকে প্রসিকিউটর (সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদা) হিসেবে নিয়োগ দেয় মন্ত্রণালয়।

অপর ৩ জন হলেন- মো. মামুনুর রশীদ, আবদুস সাত্তার ও এস এম তাসমিরুল ইসলাম। 

আইনজীবীদের নামের বিপরীতে পদবি (প্রসিকিউটর) ও পদমর্যাদা (সহকারী অ্যাটর্নি জেনারেল) উল্লেখ করে বলা হয়, ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইব্যুনালস) অ্যাক্ট, ১৯৭৩ এর ৭ (১) ধারা অনুসারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা পরিচালনার জন্য চারজন আইনজীবীকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিয়োগ প্রদান করা হলো।