মির্জা আজমকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ট্রাইব্যুনালের

প্রসিকিউশন জানিয়েছে, আসামিদের বিরুদ্ধে সুপিরিয়র রেসপনসিবিলিটি বা শীর্ষ নেতৃত্বের দায়ের অভিযোগ আনা হয়েছে। 

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৫:৩০ পিএম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৪ দলীয় জোটের সমন্বয়ক ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুসহ ৫ আসামিকে হাজির করা হয়েছে। একই মামলার পলাতক আসামি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমকে বিচারের মুখোমুখি করতে দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত।

রবিবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ প্রসিকিউশনের আবেদনের ওপর শুনানি শেষে এসব আদেশ দেন। একই সঙ্গে মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ৭ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে।

মামলায় কারাগারে থাকা ৫ আসামি হলেন সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী শাহজাহান খান, ড. আব্দুর রাজ্জাক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক সাবেক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী। লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান অসুস্থ থাকায় তাকে হাজির করা হয়নি বলে দেশ রূপান্তরকে জানিয়েছেন প্রসিকিউটর আব্দুস সাত্তার পালোয়ান। 

গত ২ নভেম্বর সাত আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। পরে ৫ নভেম্বর অভিযোগ আমলে নিয়ে শুনানির জন্য ২২ নভেম্বর দিন ধার্য করেন আদালত। ওই সাত আসামির মধ্যে ছয়জন কারাগারে রয়েছেন। অন্যদিকে মির্জা আজম পলাতক।

প্রসিকিউশন জানিয়েছে, আসামিদের বিরুদ্ধে সুপিরিয়র রেসপনসিবিলিটি বা শীর্ষ নেতৃত্বের দায়ের অভিযোগ আনা হয়েছে। অভিযোগ অনুযায়ী, জুলাই গণ-অভ্যুত্থানের সময় ১৪ দলের সভায় উপস্থিত থেকে আসামিরা গণহত্যার রাজনৈতিক সিদ্ধান্ত ও কারফিউ জারির পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিলেন। এ ছাড়া আন্দোলন দমনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত গ্রহণেও তাঁদের ভূমিকা ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 
 
সর্বশেষ সর্বাধিক পঠিত