ঈদ যাত্রায় ৮ এপ্রিলের ফিরতি টিকিট বিক্রি হচ্ছে আজ

আসন্ন ঈদুল ফিতর পরবর্তী ট্রেনে ফিরতি যাত্রার আগামী ৮ এপ্রিলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে আজ। বাংলাদেশ রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে এ তথ্য জানা যায়।

কর্মপরিকল্পনা তথ্য থেকে জানা যায়, শনিবার সকাল ৮টা থেকে ৮ এপ্রিলের পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি শুরু হয়।  এছাড়া দুপুর ২টায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট।

এবারও আন্তঃনগর ট্রেনের ৭ দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে। বিশেষ ব্যবস্থায় বিক্রি হওয়ায় কোনো টিকিট রিফান্ড করার সুযোগ থাকছে না।

বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী,  গত ২৪ মার্চ  আন্তঃনগর ট্রেনের ৩ এপ্রিলের টিকিট বিক্রি করা, হয়; ৪ এপ্রিলের টিকিট বিক্রি করা হয় ২৫ মার্চ, ৫ এপ্রিলের টিকিট বিক্রি করা হয় ২৬ মার্চ, ২৭ মার্চ ৬ এপ্রিলের টিকিট বিক্রি করা হয় এবং ৭ এপ্রিলের টিকিট বিক্রি করা হয়েছে ২৮ মার্চ। ৩০ মার্চ ৯ এপ্রিলের টিকিট বিক্রি করার মাধ্যমে শেষ হবে এবারের ঈদ যাত্রার অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রম।