মেসিকে নিয়ে আশার বাণী শোনালেন মায়ামি কোচ

আর্জেন্টিনার ফুটবল জাদুকর লিওনেল মেসি ইনজুরিতে আক্রান্ত। সময় কাটাতে তিনি গিয়েছিলেন মায়ামি ওপেনের সেমিফাইনালে নোভাক জকোভিচের খেলা দেখতে। দুই অঙ্গনের দুই কিংবদন্তিকে ঘিরে ক্রীড়া দুনিয়ায় চলছে আলোচনা। কিন্তু মেসি নিজে মাঠে ফিরবেন কবে?

মেসিকে সর্বশেষ মাঠে দেখা গিয়েছিল গত ১৬ মার্চ আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ইন্টার মায়ামির ২-১ গোলের জয়ের ম্যাচে। এরপর চোটের কারণে ছিটকে যান। একই কারণে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে ম্যাচ দুটিতে তিনি খেলতে পারেননি। যদিও দুটি ম্যাচই দাপটে জিতেছে আর্জেন্টিনা, নিশ্চিত করেছে বিশ্বকাপের মূলপর্বে খেলা।

শনিবার রাতে ফিলাডেলফিয়া ইউনিয়নের মুখোমুখি হতে যাচ্ছে মেসির ইন্টার মায়ামি। এই ম্যাচের আগে মেসিকে নিয়ে আশার কথাই শোনালেন মায়ামির কোচ হাভিয়ের মাশ্চেরানো, ‘লিও ভালো আছে, ঠিকভাবেই সবকিছু করছে। অস্বাভাবিক কিছু না হলে ম্যাচের রোস্টারে তার নাম থাকবে।’

তবে শুরুর একাদশে মেসিকে রাখা হবে কিনা -সে ব্যাপারে কিছু বলেননি মাশ্চেরানো। মেজর লিগ সকারে (এমএলএস) চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তিনে আছে মায়ামি। ৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ফিলাডেলফিয়া আছে শীর্ষে।