গাইবান্ধা

এক টাকায় মিলল ১৮ পণ্য 

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করতে গাইবান্ধায় বসেছিল এক টাকার বাজার। আজ শনিবার বিকেলে জেলা শহরের ডিবি সড়ক ঘেঁষে অবস্থিত স্বাধীনতার রজতজয়ন্তী বালিকা উচ্চবিদ্যালয় মাঠে এই বাজার বসে। বাজারে মাত্র ১ টাকা দিয়ে পাওয়া গেছে ১৮ ধরনের নিত্যপণ্য।

পণ্যগুলো হলো দুই কেজি চাল, এক কেজি ডাল, এক প্যাকেট সেমাই, এক প্যাকেট লাচ্ছা, চিনি, পেঁয়াজ, আলু, মরিচ ও মিষ্টিকুমড়া, দুধ, মসলা ও একটি মুরগি, সয়াবিন তেল, বাধাকপি,বেগুণ, লবণসহ ১৮টি নিত্য প্রয়োজনীয় পণ্য।

জেলার মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষদের ‘আমাদের গাইবান্ধা’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এই আয়োজন করে। এই বাজারে গাইবান্ধা শহর ও আশপাশের ২৫০ জন দরিদ্র নারী-পুরুষ ১ টাকায় এসব জিনিস কিনতে পান। এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট চৌধুরী মোয়াজ্জম আহমদ, আমাদের গাইবান্ধা সংঠনের সভাপতি সায়হাম রহমান, সাধারণ সম্পাদক মুসাবভির রহমান, সাংগঠনিক সম্পাদক ফাহিম শাহরিয়ারসহ সংগঠনের উপদেষ্টাবৃন্দ এবং সদস্যবৃন্দরা।

গাইবান্ধা শহরের ডেভিট কোম্পানিপাড়ার  সুমি বেগম বলেন, এক টাকা দিয়ে অনেক কিছু পেয়েছি। ঈদের প্রায় বাজার হয়ে গেছে। সেমাই, মুরগি, চিনি কেউ আগে দেয়নি। কিন্তু আজ ১ টাকা দিয়ে অনেকগুলো বাজার পেলাম।

ফারাজিপাড়ার ফজলু মিয়া বলেন, ঈদের নিয়ের বাজার নিয়ে খুবই চিন্তাই ছিলাম, হাতে টাকা পয়সা তেমন ছিল না। হঠাৎ ১ টাকা দিয়ে বাজারে মুড়ি, মুরগি তেল সবই পাইছি। পরিবার নিয়ে খেতে পারব। আল্লাহ তাদের ভালো করুক।

আয়োজকরা জানান, আমাদের গাইবান্ধা সংগঠনের সদস্যরা শিক্ষার্থী। তারা বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ে। মা-বাবার দেওয়া টাকা বাঁচিয়ে অসহায় ব্যক্তিদের জন্য কিছু একটা করার মহৎ উদ্যোগ নিয়েছেন তারা। এবার পঞ্চমবারের মতো দুস্থ মানুষের মাঝে ১ টাকা প্রতীকী মূল্যে পণ্য বিতরণের কর্মসূচি পালন করা হয়।