আসন্ন ঈদ উপলক্ষে বাগেরহাটের কচুয়ায় মাত্র দশ টাকায় পোলাও চাল, চিনি, সেমাইসহ আট প্রকারের বাজার পেয়েছে ৫২০টি দরিদ্র পরিবার। দরিদ্র মানুষের ঈদ আনন্দকে বাড়িয়ে দিতে এই উদ্যোগটি নিয়েছে তরুণদের গড়ে তোলা ‘চলো পাল্টাই’ নামের একটি সামাজিক উন্নয়নমূলক সংগঠন।
আজ শনিবার সকালে কচুয়া উপজেলার গোয়ালমাঠ রশিকলাল মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ দশ টাকার বাজার কার্যক্রমের উদ্বোধন করেন। তাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে প্রশাসন ও স্থানীয়রা।
‘চলো পাল্টাই’ সংগঠনের সভাপতি সরদার এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত দশ টাকার বাজার কার্যক্রমে আরও বক্তব্য দেন স্থানীয় ব্যবসায়ী এস এম বদিউজ্জামান খোকন, সমাজসেবক সরদার রেজাউল হোসেন, শামসুদ্দিন নাহার ট্রাস্টের সমন্বয়ক সুব্রত কুমার মুখার্জ্জি প্রমূখ।
দশ টাকার বিনিময়ে এক কেজি পোলাও চাল, দুই প্যাকেট সেমাই, ৫০০ গ্রাম চিনি, ৫০০ গ্রাম সয়াবিন তেল, ৫০ গ্রাম গুড়ো দুধ, এক কেজি পেঁয়াজ, এক কেজি আলু এবং চার প্যাকেট নুডলস দেওয়া হয় প্রতিটি পরিবারকে।
কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ বলেন, ‘চলো পাল্টাই’ নামের এই সামাজিক উন্নয়নমূলক সংগঠনটি বিগত দিনে ভালো কাজের সঙ্গে ছিল, ভবিষ্যতেও যেন সংগঠনটি ভালো কাজের সাথে থাকে। যেকোনো ভালো কাজের সঙ্গে থাকলে প্রশাসনের সহযোগিতা থাকবে।
‘চলো পাল্টাই’ সংগঠনের সভাপতি সরদার এনামুল হক জানান, মরণব্যাধি করোনার সময় এলাকার অবহেলিত দারিদ্রসীমান নিচে বসবাস করা মানুষের কথা চিন্তা করে এই সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। শুরুতে ছোট পরিসরে ছিল, এখন বড় হচ্ছে। সংগঠনের মাসিক চাঁদা ও স্থানীদের সহযোগিতা নিয়ে আমরা সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়াতেই কাজ করছি। কচুয়া উপজেলার বিভিন্ন গ্রামের দরিদ্র মানুষ খুঁজে বের করে তাদের তালিকা করে টোকেন মূল্যে ৫২০টি পরিবারকে নিত্যপণ্যের বাজার তুলে দিয়েছি।