ইন্দোনেশিয়ায় ঈদের চাঁদ দেখা যায়নি। দেশটিতে আগামী সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে বলে ঘোষণা করা হয়েছে। অপরদিকে একইদিন ঈদ উদযাপনের ঘোষণা দিয়েছে মালয়েশিয়াও। সে হিসেবে এ বছর ৩০টি রোজা পালন করবে মালয়েশিয়া। আগামীকাল রবিবার সহজেই খালি চোখে শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে বলে আশা করছে দেশটি।
ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে ব্রুনাইও। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। তবে দেশটিতে এবার রোজা হচ্ছে ২৯টি। খবর খালিজ টাইমসের।
এর আগে পবিত্র ঈদুল ফিতরের দিন ঘোষণা করে অস্ট্রেলিয়া। দেশটিতে সোমবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। শনিবার দেশটির ফতোয়া পরিষদ এই ঘোষণা দিয়েছে।
ভৌগলিক অবস্থানের কারণে বিশ্বে সবার আগে ঈদের ঘোষণা দেয় অস্ট্রেলিয়া। এ বছর সবার আগে রমজান মাস শুরুর ঘোষণাও দিয়েছিল দেশটি। অস্ট্রেলিয়ায় রমজান শুরু হয় গত ১ মার্চ। সে হিসেবে এ বছর ৩০টি রোজা পালন করছে দেশটির মুসলিমরা।
অপরদিকে সৌদি আরবে শনিবার সন্ধ্যা থেকে ঈদের নতুন চাঁদ দেখার জন্য দেশবাসীকে আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্ট।
গালফ নিউজের খবরে বলা হয়, সন্ধ্যায় যদি শাওয়াল মাসে চাঁদের দেখা মেলে তবেই শেষ হবে সৌদির মুসলমানদের এক মাসের সিয়াম সাধনা। শুরু হবে ঈদ উৎসবের আমেজ। আর যদি আজ চাঁদ দেখা না যায়, তবে আরও একদিন রোজা রাখতে হবে তাদের।
সৌদির মতো সংযুক্ত আরব আমিরাতেও চাঁদ দেখার আহ্বান জানানো হয়েছে।