নেপালের কোচ হলেন স্টুয়ার্ট ল

দুই বছরের জন্য নেপালের প্রধান কোচ হয়েছেন স্টুয়ার্ট ল। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল (সিএএন) গত রাতে নিজেদের এক্স হ্যান্ডলে সেটা নিশ্চিত করেছে। মন্টি দেশাইয়ের জায়গায় স্থলাভিষিক্ত হয়েছেন বাংলাদেশের সাবেক কোচ। তার অধীনে বাংলাদেশ জিতেছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ।

নেপালের কোচ হওয়ার আগে সবশেষ যুক্তরাষ্ট্রের কোচের দায়িত্ব পালন করেছিলেন ল। তার অধীনে যুক্তরাষ্ট্র ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে ধবলধোলাই করেছিল। ২০২৪ সালের আসরে প্রথমবারের মতো কোনো বিশ্বকাপে অংশ পাকিস্তানকে হারিয়ে সুপার এইটে উঠেছিল যুক্তরাষ্ট্র। ওই বছরেরই অক্টোবরে তিন বছরের চুক্তির সাত মাসের মাথায় বরখাস্ত করা হয় তাকে। এর আগে ২০২২ থেকে ২০২৪ পর্যন্ত দুই বছর বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ ছিলেন তিনি। ২০২৩ সালের ডিসেম্বরে আরব আমিরাতকে ১৯৫ রানে হারিয়ে প্রথমবারের মতো তার অধীনেই বাংলাদেশ জেতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ।

২০১১-১২ সালে বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্বে ছিলেন ল। সে সময় ২০১২ এশিয়া কাপের ফাইনালে উঠেছিল বাংলাদেশ। এছাড়া ২০১৮-১৯ সালে ল ছিলেন ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ। শ্রীলঙ্কা-আফগানিস্তানের অন্তর্বর্তীকালের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। ১৯৯৪ থেকে ১৯৯৯ পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে ১ টেস্ট ও ৫৪ ওয়ানডে খেলেছেন পেশাদার জীবনে।