ব্রাজিলকে বদলে দেওয়ার ব্রত নিয়ে দায়িত্ব নিয়েছিলেন দরিভাল জুনিয়র। কিন্তু সবশেষ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আর্জেন্টিনার কাছে এক হালি গোল হজমের পরই শেষ হয়ে গেল দরিভাল জুনিয়রের ব্রাজিল অধ্যায়। আর্জেন্টিনার কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর থেকেই দরিভালকে বরখাস্ত করার জোর দাবি জানান ব্রাজিলের সমর্থক ও সাবেকরা। অবশেষে সেটিই সত্যি হলো। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, দরিভাল জুনিয়রকে বরখাস্ত করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘ব্রাজিলিয়ান কনফেডারেশন জানাচ্ছে, কোচ দরিভাল জুনিয়র আর দায়িত্বে নেই। বোর্ড তাকে ধন্যবাদ জানাচ্ছে এবং তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানাচ্ছে। এখন থেকে সিবিএফ তার বদলি সন্ধান করবে।’ ৬২ বছর বয়সি দরিভাল ২০২৪ সালের জানুয়ারিতে ব্রাজিল দলের দায়িত্বে নেন। তার অধীনে খেলা ১৬ ম্যাচের মধ্যে ৭টি জয়, ৬টিতে ড্র এবং ৩ ম্যাচে হেরেছে ব্রাজিল।
দরিভাল অধ্যায় শেষের পর এখন সবার চোখ তার জায়গায় নতুন করে ব্রাজিলের কোচ হচ্ছেন কে? এ নিয়ে চলছে বেশ আলোচনা। রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তির নাম আগেও এসেছিল। আবারও তাকে ঘিরে চলছিল আলোচনা তবে রিয়াল কোচ ব্যাপারটি উড়িয়ে দিয়েছেন। জানিয়েছেন, আপাতত রিয়ালের সঙ্গেই আছেন তিনি। ইতালিয়ান এই কোচ জানালেন, ‘রোনালদোর সঙ্গে এই বিষয়ে কথা হয়েছে কিনা, আমার মনে নেই। আমরা অন্য অনেক বিষয় নিয়েই কথা বলি, দেখা করি, অনেক কথা হয় আমাদের, তবে এই বিষয় নিয়ে নয়।’ ২০২৬ সাল পর্যন্ত রিয়ালের সঙ্গে চুক্তি রয়েছে আনচেলত্তির, ‘ব্রাজিল, তাদের খেলোয়াড় ও সমর্থকদের প্রতি আমার ভালোবাসা অনেক। তবে রিয়াল মাদ্রিদের সঙ্গে আমার চুক্তি রয়েছে।’
সম্ভাব্য কোচ হিসেবে আনচেলত্তির পাশাপাশি আলোচনায় আছেন পেপ গার্দিওলা, ফিলিপে লুইস ও জর্জে হেসুস। তবে এই বিষয়ে এখনো স্পষ্ট কোনো বার্তা দেয়নি সিবিএফ। তারা জানিয়েছে, নতুন কোচের খোঁজে আছেন তারা। এর মধ্যে স্প্যানিশ কোচ পেপ গার্দিওলার সঙ্গে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির চুক্তির মেয়াদ ২০২৭ পর্যন্ত। তাকে না পাওয়ার সম্ভাবনাই বেশি। তবে জোর আলোচনায় আছেন সৌদি ক্লাব আল হিলালের পর্তুগিজ কোচ হেসুস। তিনি পর্তুগিজ লিগে বেনফিকাকে নিয়ে আধিপত্য দেখিয়েছেন। ফ্লামেঙ্গোর হয়ে কোপা লিবার্তোদোরেস জিতেছেন। তার অধীনে সবশেষ মৌসুমে আল হিলাল জিতেছে সৌদি প্রো লিগের শিরোপা।