দেশের আটটি বিভাগে ২০১৯-২৪ সাল পর্যন্ত সাইবার ট্রাইব্যুনালে হওয়া ৪১০টি মামলা প্রত্যাহার করা হয়েছে। সম্প্রতি আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ-সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে ২১টি, চট্টগ্রাম বিভাগে ১৩০টি, সিলেট বিভাগে ১০৩টি, খুলনা বিভাগে ৫৩টি, বরিশাল বিভাগে ৪৮টি, রংপুর বিভাগে ৪০টি, ময়মনসিংহ বিভাগে ১৩টি এবং রাজশাহী বিভাগে দুটি মামলা প্রত্যাহারের তথ্য দেওয়া হয়েছে।
গণঅভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর নোবেল বিজয়ী অধ্যাপক ড. ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। গত বছরের ৩ অক্টোবর রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক সেমিনারে অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছিলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে সাইবার আইনে হওয়া ‘স্পিচ অফেন্স’ (মুক্তমত প্রকাশ) সম্পর্কিত মামলাগুলো প্রত্যাহার করা হবে। একই সঙ্গে এসব মামলায় কেউ গ্রেপ্তার হয়ে থাকলে সেই ব্যক্তি আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাৎক্ষণিকভাবে মুক্তি পাবেন বলে তখন জানানো হয়।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬, ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এবং সাইবার নিরাপত্তা আইন ২০২৩-এর অধীনে গত বছরের আগস্ট পর্যন্ত দেশের আটটি সাইবার ট্রাইব্যুনালে ৫ হাজার ৮১৮টি মামলা চলমান ছিল। এর মধ্যে ‘স্পিচ অফেন্স’ সম্পর্কিত মামলা ১ হাজার ৩৪০টি।