রিয়াল মাদ্রিদের ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটা ট্রল হয় যে- তিনি নাকি ফ্রি কিক থেকে গোল করতে পারেন না! গতকাল শনিবার লেগানেসের বিপক্ষে লা লিগার ম্যাচে জোড়া গোল করেছেন ফরাসি তারকা, যার একটি ফ্রি কিক থেকে।
ম্যাচে যখন ২-২ সমতা, তখন গোলটি করেন এমবাপ্পে। ৭৬তম মিনিটে লেগানেসের বক্সের একটু বাইরে ফ্রি-কিকে শুরুতে আলতো টোকায় এমবাপ্পে বল দেন পাশে থাকা ফ্রান গার্সিয়াকে। এই লেফট ব্যাক স্রেফ বুট দিয়ে বল থামান। এরপর বুলেট গতির শটে বল জালে পাঠান এমবাপ্পে। অবিশ্বাস্য হলেও সত্যি, প্রায় ১০ বছরের পেশাদার ক্যারিয়ারের এটাই এমবাপ্পের প্রথম ফ্রি-কিক থেকে গোল!
ম্যাচটি শেষ পর্যন্ত ৩-২ গোলে জিতে নিয়েছে রিয়াল মাদ্রিদ। এমবাপ্পেকে নিয়ে অবশ্য ট্রল এখনো পুরোপুরি থামেনি। কারণ, এটি তো সরাসরি ফ্রি কিক থেকে গোল ছিল না, গার্সিয়ার সহায়তা ছিল। তাই এখন বলা হচ্ছে এটা গার্সিয়ার সহায়তায় ‘ইনডিরেক্ট ফ্রি-কিক।’ ঘটনা যাই হোক, কোচ আনচেলত্তির মন জিতে নিয়েছেন এমবাপ্পে, ‘গতকাল সে অনুশীলনে এটা চেষ্টা করেছে। আজকের ম্যাচেও সেটা করে দেখাল।’
এই দুই গোলে চলতি মৌসুমে লা লিগায় এমবাপ্পের গোল হলো ২২টি। তবে ফ্রি কিক থেকে গোল করে নিজে কৃতিত্ব নিতে চাননি এমবাপ্পে, ‘অনুশীলনে এটা নিয়ে কাজ করেছি কোচিং স্টাফদের নিয়ে। জানতাম, যদি একইভাবে শট নিতে পারি… একটু জায়গা পেয়েছিলাম… শেষ পর্যন্ত ভালোভাবে হয়েছে। এটা দলীয় একটি প্রচেষ্টা… কোচিং স্টাফরাও সম্পৃক্ত।’