মেহেদির রঙে রাঙিয়ে তুলুন হাত

রাত পোহালে খুশির ঈদ। সব কেনাকাটা এরই মধ্যে হয়ে গেছে অনেকের। এই ঈদের দিনে আমাদের সুন্দর হাত দুটি কি খালিই থাকবে? একদমই না। মেহেদি আমাদের উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে। এখন বাজারে অনেক ধরনের মেহেদি পাওয়া যায়। পছন্দের ব্র্যান্ডের মেহেদি ঈদের আগের দিন লাগিয়ে নিন। ইচ্ছামতো ডিজাইন করুন। অনেকে মেহেদি দিতে পার্লারে যান। তবে ইচ্ছে করলে ঘরেও এঁকে নিতে পারেন সুন্দর ডিজাইন। মেহেদির প্যাকেটের মধ্যেই অনেকগুলো নকশা দেওয়া থাকে। আর চাইলে অনলাইন থেকেও দেখে নিতে পারেন পছন্দের ডিজাইন। এগুলোর মধ্যে থেকে বেছে নিয়ে হাত রাঙিয়ে নিন মেহেদির রঙে।

মেহেদি হাতে ব্যবহারের আগে কিছু বিষয়ে খেয়াল রাখতে হবে। তার মধ্যে একটি হলো, হাত ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। হাতে যেন কোনো মেহেদি না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। হাতে ময়লা, মৃত কোষ থাকলে মেহেদির রং ঠিকভাবে বসে না। তাই এক্ষেত্রে সবচেয়ে ভালো হয় যদি মেনিকওর করে নিতে পারেন। রাতে ঘুমাতে যাওয়ার আগে মেহেদি পরবেন। এরপর সারারাত হাতে মেহেদি রেখে দিলে ভালো হয়। হাতে মেহেদি লাগানোর পর যে নিয়মগুলো মানতে হবে-

ওঅ্যাক্সিং

মেহেদি দেওয়ার আগে কখনোই ওঅ্যাক্সিং করাবেন না। কেননা ওঅ্যাক্সিং করার ফলে আপনার ত্বক মসৃণ হয়ে যায়। ফলে মেহেদির ভালোভাবে বসে না এবং রঙও গাঢ় হয় না।

অন্তত ৬ ঘন্টা মেহেদি রাখুন

হাতে মেহেদি দেওয়ার কিছুক্ষণ পরই হাত ধুয়ে ফেলবেন না। হাতে মেহেদি কমপক্ষে ৬ ঘণ্টা রাখার চেষ্টা করুন। সম্ভব হলে রাতে মেহেদি দিয়ে পরের দিন সকালে তা তুলে ফেলুন। সম্ভব হলে গোসলের কাজটা মেহেদি দেওয়ার পূর্বেই শেষ করে ফেলুন। মনে রাখবেন মেহেদি যত বেশি সময় হাতে রাখবেন মেহেদির রঙও তত বেশি গাঢ় হবে। 

চিনি লেবুর মিশ্রিত পানি

চিনি, লেবুর মিশ্রিত পানি মেহেদির রঙ আরও গাঢ় করে। তবে খুব বেশি ব্যবহারে মেহেদির রঙ খয়েরি হয়ে যায়, যা দেখতে একদমই ভালো না।

হেয়ার ড্রায়ার  

মেহেদি শুকানোর জন্যে কখনই হেয়ার ড্রায়ার ব্যবহার করবেন না। এতে আপনার ডিজাইন নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তাই প্রাকৃতিকভাবে মেহেদি শুকাতে দিন। প্রয়োজনে মেহেদি শুকানোর জন্যে ফ্যান ব্যবহার করতে পারেন

পর্যাপ্ত আলো

মেহেদি দেওয়ার পূর্বে খুব বেশি পানি বা পানিজাতীয় খাবার খাবেন না। হালকা বা আবছা আলোর মধ্যে কখনো মেহেদি দেবেন না। কেননা ভালো মেহেদি ডিজাইনের জন্যে পর্যাপ্ত আলোর প্রয়োজন।

এলার্জি

যাদের লেবুতে এলার্জি আছে তারা সরিষার তেল ব্যবহার করতে পারেন মেহেদির রঙ গাঢ় করার জন্য। তেল ব্যবহারে হাতের শুষ্কতা অনেকটাই কমে যায়। তবে তেল ব্যবহারের পূর্বে এর মান সম্পর্কে নিশ্চিত হয়ে নেবেন।

লবঙ্গ

লবঙ্গ কাজে লাগাতে পারেন মেহেদির রং গাঢ় করার ক্ষেত্রে। প্রথমে একটি লোহার কড়াই চুলায় বসিয়ে চুলা জ্বালিয়ে দিন। এরপর তাতে কয়েকটি লবঙ্গ দিন। কড়াই থেকে ধোঁয়া বের হলে তার ওপর আপনার হাত দুটি ধরে রাখুন। এতে মেহেদির রং সহজেই গাঢ় হবে। তবে সাবধানে করবেন, গরম কড়াই যেন হাতে না লাগে। আর মেহেদি রাঙা হাত দেখতে সবার ভালো লাগে। ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তুলতে চাঁদরাতে চলুক মেহেদি উৎসব।

তাই ঈদের আনন্দে ভালো মত বেছে মেহেদি কিনুন যেন পড়ে ভোগান্তিতে না পড়তে হয়।