ফ্রান্সপ্রবাসী বাংলাদেশিসহ মুসলিম কমিউনিটির জন্য ঈদ সবসময়ই এক বিশেষ আনন্দের দিন। এবারের ঈদও তার ব্যতিক্রম নয়। ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যকে ধারণ করে ফ্রান্সজুড়ে প্রবাসীরা ঈদ উদযাপন করেছেন অত্যন্ত উৎসবমুখর পরিবেশে।ঈদের দিন সকালে প্যারিসসহ ফ্রান্সের বিভিন্ন শহরের মসজিদ ও ঈদগাহে ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে তারা পরস্পর কোলাকুলি করেন এবং একে অপরের খোঁজ-খবর নেন।
প্যারিসে বাংলাদেশি কমিউনিটি এবং বিভিন্ন সামাজিক সংগঠন ঈদ উপলক্ষে বিশেষ আয়োজন করেছে। উল্লেখযোগ্য সংগঠনের মধ্যে রয়েছে বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স (বিসিএফ), সম্মিলিত ঈদ উদযাপন পরিষদ, বরিশাল বিভাগ কমিউনিটি ফ্রান্স ইত্যাদি।
বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স (বিসিএফ)-এর সভাপতি এমডি নূর জানান, ২০১৮ সাল থেকে বিসিএফ ঈদে বিশেষ আয়োজন করে আসছে। তিনি বলেন, এক সময় ঈদকে ঘিরে প্যারিসে বড় কোনো আয়োজন হতো না। ২০১৮ সালে আমরা ঈদ ফেস্টিভ্যালের সূচনা করি, যেখানে প্রায় ৫০০০ প্রবাসী অংশ নিয়েছিলেন। এখন এটি এতটাই জনপ্রিয় হয়েছে যে, প্যারিস ছাড়িয়ে মার্সেই শহরেও ঈদ ফেস্টিভ্যাল পালিত হচ্ছে।
এবারের ঈদে বিসিএফ ও শ্রমিকগ্রুপের যৌথ আয়োজনে প্যারিসের পার্ক দ্য লা ভিলেতে ঈদ ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশি ছাড়াও বিভিন্ন দেশের মুসলিমরা অংশ নেন।
ঈদ ফেস্টিভ্যালে সুস্বাদু বাঙালি খাবারের আয়োজন করা হয়। শিশুদের জন্য ছিল বিশেষ উপহার ও বিনোদনের ব্যবস্থা। প্রবাসী বাংলাদেশিরা ঈদের দিন পরিবারের সদস্যদের ছেড়ে থাকায় কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন, তবে ভিডিও কলে দেশে থাকা প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন।
ফ্রান্সে ঈদের আয়োজন প্রসঙ্গে এক প্রবাসী বাংলাদেশি বলেন, দেশের মতো পরিবেশ না পেলেও আমরা এখানে একসঙ্গে মিলিত হয়ে ঈদের আনন্দ উপভোগ করি। এটি আমাদের জন্য বিশেষ মুহূর্ত। সাম্প্রতিক বছরগুলোতে ফ্রান্সে মুসলিম কমিউনিটি ঈদের আয়োজনকে আরও বড় পরিসরে উদযাপনের চেষ্টা করছে। এতে স্থানীয় প্রশাসনও অনেক ক্ষেত্রে সহযোগিতা করে।
প্রবাসে থেকেও ঈদের আনন্দ ও উৎসবের আবহ ধরে রাখার যে প্রচেষ্টা বাংলাদেশি কমিউনিটি চালিয়ে যাচ্ছে, তা প্রশংসনীয়। এটি শুধু প্রবাসীদের জন্য নয়, বরং নতুন প্রজন্মের জন্যও নিজেদের সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার এক অনন্য সুযোগ তৈরি করেছে।