গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের চান্দাইয়া গ্রামে সম্পত্তি নিয়ে মামলার জেরে এক চাচতো ভাই আরেক চাচাতো ভাইকে কুড়াল দিয়ে কুপিয়ে আহত করেছেন বলে অভিযোগ উঠেছে।
রবিবার (৩০ মার্চ) কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে রামচরণ ও তার ছেলে ঝন্টু দাস কুড়াল দিয়ে চাচাতো ভাই নারায়ণ, গিরিবালা ও হারাধন চন্দ্র দাসকে হত্যার উদ্দেশ্য কোপান।
জানা গেছে, রবিবার দুপুরবেলা নারায়ণ তার গরুর খাওয়ার জন্য বাড়ির পাশের পুকুরে কচুরিপানা কাটতে যান। এটা দেখে রামচরণ ও তার ছেলে গালাগালি করেন। এক পর্যায়ে রামচরণের ছেলে লাঠি নিয়ে নারায়ণকে মারতে যান, পাশাপাশি রামচরণ কুড়াল নিয়ে নারায়ণকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এ সময় নারায়ণের স্ত্রী-ভাই তাকে বাঁচাতে এগিয়ে যান। রামচরণ প্রথমে নারায়ণকে অনেকগুলো কোপ দেন, পরে নারায়ণের স্ত্রী গিরিবালাকে কোপ দেন। পরবর্তীতে এলাকাবাসী নারায়ণের স্ত্রী ও তার ভাইকে উদ্ধার করে কালীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের অবস্থা গুরুতর দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠান। পাশাপাশি রামচন্দ্র, রামচরণ ও তার ছেলে কালীগঞ্জ হাসপাতালে চিকিৎসা নেন।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি আলাউদ্দিন সাহেব দেশ রূপান্তরকে বলেন, ঘটনায় যারা আহত হয়েছেন তারা থানায় এসেছেন। তাদের অবস্থা দেখে তাদের কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়ার জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় তাদের একটি এজাহার দাখিল করতে বলা হয়েছে।