গাজীপুরের কালীগঞ্জে ধাওয়া খেয়ে শীতলক্ষ্যা নদীতে পড়ে নিখোঁজ হওয়ার একদিন পর ওসমান গনি নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তার কোমর ও পায়ে লোহার শিকল পরানো অবস্থায় ছিল। তিনি মানসিক রোগী বলে জানা গেছে। রবিবার (১৫ নভেম্বর) দুপুর ১টায় উপজেলার বাহাদুরসাদী ইউনিয়ন সংলগ্ন নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ওসমান গনি (৩০) কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের বাহাদুরসাদী গ্রামের মৃত মতিন মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, শনিবার (১৪ নভেম্বর) বিকেলে ওসমান গনির ফুপা বাবুলের দোকানের কর্মচারী মাসুম তাকে লাঠি নিয়ে ধাওয়া করেন। আতঙ্কিত হয়ে ভয়ে দৌড়ে পালাতে গিয়ে শিকল পরা অবস্থায় তিনি নৌকা থেকে শীতলক্ষ্যা নদীতে পড়ে নিখোঁজ হন। পরে বিষয়টি ফায়ার সার্ভিস ও থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে উদ্ধার তৎপরতা চালানো হলেও শনিবার তার সন্ধান মেলেনি। পরদিন রবিবার (১৫ নভেম্বর) সকাল থেকে টংগি ফায়ার সার্ভিসের ডুবুরি দল পুনরায় তল্লাশি শুরু করে এবং দুপুর ১টার দিকে বাহাদুরসাদী এলাকা সংলগ্ন নদী থেকে শিকল পরা অবস্থায় তার মরদেহটি উদ্ধার করতে সক্ষম হয়।
দোকানের কর্মচারী মাসুম বলেন, তাকে ধরে বাসায় নেওয়ার সময় তিনি পালানোর চেষ্টা করলে আমি তাকে লাঠি দিয়ে দৌড়ানি দেই। সে আমার কাছ থেকে ছুটে গিয়ে নৌকাতে উঠে সেখানে গেলে তিনি নদীতে লাফ দেয়।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ইন্সপেক্টর (অপারেশন) মো.ইকবাল হোসেন জানান, ফায়ার সার্ভিসের সহায়তায় ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহত ওসমান গনির মৃতদেহ সুরাহাল শেষে ময়নাতদন্তের জন্য গাজীপুর তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে এবং এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।