রাজবাড়ী সদরে সালমা (৩০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১ এপ্রিল) সকালে উপজেলার বরাটের হাউলি জয়পুরে ওই গৃহবধূর ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান।
সালমা ওই গ্রামের সৌদি আরব প্রবাসী আজাদের স্ত্রী। দুই সন্তান নিয়ে তিনি ওই বাড়িতে থাকতেন।
নিহতের চাচাতো ভাই রাকিব জানান, সালমার স্বামী সৌদি আরব থাকেন ও তিনি বাড়িতে ছোট দুটি ছেলে-মেয়ে নিয়ে থাকতেন। হঠাৎ সকালে সবার চিৎকার শুনে দৌড়ে গিয়ে দেখেন ঘরের মধ্যে সালমার মরদেহ পড়ে আছে। রাতে কে বা কারা সালামাকে মেরে রেখে গেছে। তিনি আরও বলেন, সালমার কোনো শত্রু ছিল না। সে খুব ভাল ছিল ও সবার সঙ্গে হাসিমুখে কথা বলতো। তার শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এঘটনার পর থেকে তার মোবাইল ফোন ও ঘরে থাকা প্রায় এক লক্ষ নগদ টাকা পাওয়া যাচ্ছে না।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুর রহমান জানান, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিক তদন্তে তার গলায় ওড়না পেঁচানোর চিহ্ন পাওয়া গেছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে’।