দেম্বেলের জোড়া গোলে ফরাসি কাপের ফাইনালে পিএসজি

৩০ মিনিটের মধ্যে দুই গোল হজম করে পিছিয়ে পড়েছিল পিএসজি। এরপর তারা নাটকীয়ভাবে ঘুরে দাঁড়ায়। উসমান দেম্বেলের জোড়া গোলে ৪-২ ব্যবধানে দ্বিতীয় স্তরের দল ডানকার্ককে হারিয়ে দিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফরাসি কাপের ফাইনালে উঠল লুইস এনরিকের দল।

মঙ্গলবার রাতে নিজেদের মাঠে অনুষ্ঠিত ম্যাচের সপ্তম মিনিটে ভিনসেন্ট সাসোর গোলে এগিয়ে যায় ডানকার্ক। ২৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সাইদ আল সাদ। প্রথমার্ধের শেষ মিনিটে দেম্বেলের গোলে পিএসজির ঘুরে দাঁড়ানোর শুরু। বিরতির পর ৪৮তম মিনিটে তার ক্রসে হেডে দলকে সমতায় ফেরান মার্কিনিওস।

৬২তম মিনিটে তরুণ ফরাসি স্ট্রাইকার ডেসিরে ডুয়ের গোলে লিড পায় শিরোপাধারীরা। আর যোগ করা সময়ে তৃতীয় মিনিটে নিজের দ্বিতীয় গোলে জয় নিশ্চিত করেন দেম্বেলে। এই মৌসুমে পিএসজির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৯ ম্যাচে দেম্বেলের গোল হলো ৩২টি, অ্যাসিস্ট ৭টি। শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে প্রতিযোগিতাটির রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়নরা।